44274

বিনিয়োগ বাড়াতে নতুন মন্ত্রণালয় স্থাপন করবে আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক: নতুন একটি ফেডারেল মন্ত্রণালয় স্থাপন করা হবে বলে সোমবার ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। উপসাগরীয় দেশটির বিনিয়োগ কৌশল বিশ্বব্যাপী ও অভ্যন্তরীণভাবে বিকাশের জন্য এই বিনিয়োগ মন্ত্রণালয় স্থাপন করা হবে। দেশটি প্রতিবেশীদের সঙ্গে ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রতিযোগিতায় লড়াই করার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপসাগরীয় দেশগুলো রাজস্বের জন্য হাইড্রোকার্বনের ওপর নির্ভরশীল।

ads

তবে সবাই তাদের অর্থনীতি ও আয়ের উৎস বৈচিত্র্যময় করার পরিকল্পনা করছে। সংযুক্ত আরব আমিরাতকে সবচেয়ে উন্নত দেশগুলোর মধ্যে বিবেচনা করা হয়, যেখানে আর্থিক পরিষেবা ও পর্যটনের মতো উন্নত ক্ষেত্রগুলো তাদের প্রতিবেশীদের থেকে এগিয়ে রয়েছে। সেই সঙ্গে তারা বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে মূল সামাজিক ও ব্যাবসায়িক সংস্কার বাস্তবায়ন করছে।
সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও উপসাগরীয় দেশটির পর্যটন ও বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম মন্ত্রিসভার বৈঠকের পর টুইটারে পরিকল্পনাগুলো ঘোষণা করেছেন।

মোহাম্মদ হাসান আল সুওয়াইদি বিনিয়োগমন্ত্রী হবেন বলেও তিনি জানিয়েছেন। তবে আর কোনো বিস্তারিত জানানো হয়নি।
শেখ মোহাম্মদ বলেছেন, মন্ত্রণালয়ের লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগের পরিবেশকে উদ্দীপিত করা এবং বিশ্বব্যাপী বিনিয়োগকে আকর্ষণ করার জন্য ইউএইয়ের আইন ও পদ্ধতিগুলোকে আরো প্রতিযোগিতামূলক করা।

ads

এ ছাড়াও সংযুক্ত আরব আমিরাত ঝুঁকি নিরীক্ষণের জন্য একটি আর্থিক স্থিতিশীলতা কাউন্সিল গঠন করবে এবং একটি প্রধান বৈশ্বিক আর্থিক কেন্দ্রে পরিণত হওয়ার লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে আর্থিক সংকট মোকাবেলা করবে।

প্রসঙ্গত, এ বছরের শুরুর দিকে শেখ মোহাম্মদ ডি৩৩ নামে পরিচিত একটি ১০ বছরের অর্থনৈতিক পরিকল্পনা চালু করেছিলেন, যার লক্ষ্য অর্থনীতির আকার দ্বিগুণ করা এবং দুবাইকে এক দশকের মধ্যে বিশ্বব্যাপী শীর্ষ চারটি আর্থিক কেন্দ্রের মধ্যে একটি করে তোলা।

ফিন্যান্সিয়াল টাইমসের ২০২২ সালের ‘এফডিআই মার্কেটস’ প্রতিবেদন অনুসারে, গত বছর দুবাই আনুমানিক ১২.৮ বিলিয়ন ডলার সরাসরি বিদেশি বিনিয়োগের মূলধন আকর্ষণ করেছে। অন্যদিকে সৌদি বিনিয়োগ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, সৌদি আরবে সরাসরি বিদেশি বিনিয়োগ ছিল প্রায় ৩০ বিলিয়ন রিয়াল (আট বিলিয়ন ডলার)।

উল্লেখ্য, এদিন সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা একটি আধুনিক জাতীয় জ্বালানি কৌশলও অনুমোদন করেছে।

সূত্র : রয়টার্স

ad

পাঠকের মতামত