ইতালিতে নিষিদ্ধ ৮৮ নম্বর জার্সি
স্পোর্টস ডেস্ক: ইতালিয়ান ফুটবলে নিষিদ্ধ হলো ৮৮ নম্বর জার্সি। ইহুদি-বিরোধী লড়াইয়ের লক্ষ্যে একটি উদ্যোগের অংশ এটি। ইতালি সরকারের সদস্য এবং ইতালিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (এফআইজিসি) সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনা এই বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন।
৮৮ নম্বরটি একটি জার্মান নাৎসি স্লোগান হিসেবে ধরা হয়, যা ‘হেইল হিটলার’ এর জন্য একটি সংখ্যাসূচক কোড। তাই ইতালিতে এই নম্বরটি ব্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী ফুটবল ম্যাচগুলোতে ‘এন্টি- সেমেটিক গান, কার্যকলাপ এবং অভিব্যক্তির ক্ষেত্রে’ বাধা দিতে পারবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি বলেছেন, ‘এটি একটি অসহনীয় কুসংস্কারের একটি পর্যাপ্ত এবং কার্যকর প্রতিক্রিয়া যা এখনও প্রায়শই আমাদের স্টেডিয়ামগুলোতে নিজেকে আত্মপ্রকাশ করে। ইহুদি-বিদ্বেষের বিরুদ্ধে শক্তভাবে লড়াই করতে হবে।’
পিয়ান্তেডোসি আরও বলেন, ‘স্বাক্ষরিত চুক্তিটি একটি বৃহত্তর কৌশলের প্রথম পদক্ষেপ যা খেলাধুলায় সমস্ত ধরণের বর্ণবাদ এবং বৈষম্যে প্রতিরোধ ও মোকাবিলায় একটি নতুন দিগন্তের সূচনা করবে।’
গত মার্চে রোমার বিপক্ষে দলের জয়ের সময় একজন ভক্ত একটি লাজিও জার্সি পড়েছিলেন যার পিছনে ৮৮ নম্বর ছিল। এছাড়া ক্লাবটির আরও দুই সমর্থক আরেকটি স্পষ্ট ইহুদি-বিরোধী ঘটনায় জড়িত ছিল। লাজিও কর্তৃপক্ষ জানিয়েছে যে ওই তিন ভক্তকে স্তাদিও অলিম্পিকোতে খেলা দেখা থেকে আজীবন নিষিদ্ধ করা হবে।










