কুমিল্লার শালধর থেকে বিপুল পরিমান মাদকসহ আটক ৩
নিউজ ডেস্ক: কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন শালধর এলাকায় (৫ ফেব্রুয়ারী) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ১০১ কেজি গাঁজা ও ৩,৫১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ভারতীয় দুইজনসহ মোট তিনজন মাদক ব্যবসায়ী’কে আটক করেছে র্যাব। আটক মাদক ব্যবসায়রা হলো ভারতের ত্রিপুরা সিপাহীজলা জেলার সোনামুড়া থানাধীন কুলুবাড়ী গ্রামের হারুন মিয়া’র ছেলে ফারুক হোসেন ওরফে সাদ্দাম (৩০), একই গ্রামের মোরশেদ মিয়া’র মাসুম মিয়া (২৩) এবং কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন চাঁনপুর গ্রামের মোঃ ইদ্রিস মিয়া’র ছেলে গোলাম রাব্বি ইসলাম পাপ্পু (২০)।
র্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক উপপরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ পার্শ্ববর্তী দেশ ভারত হতে অবৈধ মাদকদব্য গাঁজা ও ইয়াবা ট্যাবলেট’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য চোরাইপথে বাংলাদেশে আনায়ন করে কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।









