ফ্রান্সে পেট্রল স্টেশনগুলোতে জ্বালানি সরবরাহ শুরু
আন্তর্জাতিক ডেস্কঃ তিন সপ্তাহ পর ফ্রান্সের পেট্রল স্টেশনগুলোতে জ্বালানি সরবরাহ শুরু হওয়ায় সংকটের কিছুটা উন্নতি হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে এখনো সপ্তাহের বেশি সময় লাগতে পারে। বুধবার (১৯ অক্টোবর) পর্যন্ত দেশটির বেশ কয়েকটি পেট্রল স্টেশনে জ্বালানি সরবরাহ শুরু হওয়াই কমতে শুরু করেছে জনদুর্ভোগ।
ফ্রান্সে বেতন বৃদ্ধির দাবিতে তেল শোধনাগার শ্রমিকদের ধর্মঘটের কারণে পেট্রল স্টেশনগুলোতে দেখা দেয়া জ্বালানি সংকট কমতে শুরু করেছে। এরই মধ্যে ডন্জে টোটাল এনার্জি শোধনাগারের শ্রমিকরা ধর্মঘট তুলে নিয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই ধর্মঘটের কারণে দেশের ৩০ শতাংশরও বেশি পেট্রল স্টেশন জ্বালানির অভাবে বন্ধ হয়ে যায়। তবে বন্ধ হওয়া পেট্রল স্টেশনের সংখ্যা ২০ শতাংশে নেমে এসেছে বলে জানানো হয়েছে।
পরিস্থিতির উন্নতি হচ্ছে ইল দো ফ্রান্সেও। তবে রাজধানী প্যারিসের অনেক পেট্রল স্টেশনে এখনো যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। এ বিষয়ে সরকারের মুখপাত্র অলিভিয়ার ভেরন জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে পরিস্থিতির উন্নতি শুরু হলেও পেট্রল স্টেশনগুলোতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হতে আরও সপ্তাহখানেক সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে মঙ্গলবার (১৮ অক্টোবর) ফ্রান্সজুড়ে ধর্মঘট শুরু করে সেজেটিসহ আরও বেশ কয়েকটি শ্রমিক সংগঠন। দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিক নেতারা।









