কুমিল্লায় র্যাবের পৃথক অভিযানে ফেনসিডিলসহ ৪ জন আটক
মাইনুল হকঃ কুমিল্লা কোতয়ালীর ভাটকেশ্বর ও সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ১৮২ বোতল ফেন্সিডিলসহ ৪ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
বুধবার সকালে তাদের আটকের বিষয়টি র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
আটক চারজন হলো, কুমিল্লা জেলার বুড়িচং থানার ছয়গ্রাম গদানগর (মুড়িবাড়ী) গ্রামের মৃত জুলফু মিয়ার ছেলে মোঃ মনির হোসেন (৪০), চাঁদপুর জেলার সদর থানার পূর্ব হোসেনপুর গ্রামের মৃত খলিলুর রহমান খানের ছেলে মোঃ শাহ আলম খান (৪২), একই গ্রামের লিয়াকত মাল এর ছেলে মোঃ মোর্শেদ আলম (৪০) ও একই থানার পশ্চিম হোসেনপুর গ্রামের আলী গাজীর ছেলে মোঃ মোমিন গাজী (৩৮)।
এদের মধ্যে কোতয়ালীর ভাটকেশ্বর এলাকা থেকে মনির হোসেন কে ৮৪ বোতল ফেনসিডিল এবং সদর দক্ষিণের পদুয়ার বাজার এলাকা থেকে শাহ আলম খান, মোর্শেদ আলম ও মোমিন গাজী কে ৯৮ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, মঙ্গলবার সকালে কোতয়ালীর ভাটকেশ্বর ও সদর দক্ষিণের বিশ্বরোড এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৮২ বোতল ফেনসিডিল সহ ৪ জনকে আটক করা হয়েছে। ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে।
আটক চারজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর কোতয়ালী ও সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।










