সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রদূতের
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের তাবুক প্রদেশের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ ও দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর আহ্বান জানিয়েছেন রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। সোমবার (১ আগস্ট) তাবুক চেম্বার অব কমার্সের সভাপতি ইমাদ সাদাদ আল ফাখরির সঙ্গে বৈঠককালে এ আহ্বান জানান তিনি।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের মাধ্যমে বিনিয়োগে এগিয়ে আসার জন্য সৌদি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের প্রতি অনুরোধ জানান রাষ্ট্রদূত। এসময় সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
এছাড়া সৌদি বিনিয়োগকারীদের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল তৈরির বিষয়টি বাংলাদেশ সরকারের পরিকল্পনায় রয়েছে বলে চেম্বার সভাপতিকে অবহিত করেন রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী।
এ সময় চেম্বার সভাপতি ইমাদ সাদাদ আল ফাখরি বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা সৌদি আরবের নিওম সিটি প্রকল্প ও রেড সি প্রকল্পের সুবিধাজনক খাতে বিনিয়োগ করতে পারেন। এ দুটি প্রকল্পে বিনিয়োগের বিষয়ে তাবুক চেম্বার সমন্বয়কের দায়িত্ব পালন করছে।
অন্যদিকে বাংলাদেশ ওষুধ, সিরামিক পণ্য, কৃষিজাত পণ্য এবং ইলেকট্রনিকস পণ্যে বিনিয়োগ করতে পারে বলে জানান রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী। এসব খাতে বাংলাদেশের অগ্রগতির কথা তুলে ধরেন তিনি। এছাড়া বাংলাদেশের হস্তশিল্প, তৈরি পোশাক ও চামড়াজাত পণ্য আমদানির জন্য সৌদি ব্যবসায়ীদের অনুরোধ জানান রাষ্ট্রদূত।
সৌদি আরবের ভিশন ২০৩০ ও বাংলাদেশের ভিশন ২০৪১ বাস্তবায়নে একযোগে কাজ করার বিষয়ে ব্যবসায়ীদের সহায়তা কামনা করেন ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
এর আগে সোমবার সকালে তাবুক বিশ্ববিদ্যালয়ের সভাপতি রেক্টর অধ্যাপক আবদুল্লাহ এম আলথিয়াবির সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত। এসময় তিনি বিশ্ববিদ্যালয়টিতে বাংলাদেশের ছাত্রদের বৃত্তি বাড়ানোর জন্য রেক্টরকে অনুরোধ জানান। বাংলাদেশ থেকে বিভিন্ন বিষয়ে শিক্ষা বৃত্তির আওতায় আরও শিক্ষার্থী নেয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন রেক্টর।
সভায় জেদ্দাস্থ বাংলাদেশের কনসাল জেনারেল মো. নাজমুল হক ও দূতাবাসের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









