রুশ গ্যাসের বিকল্প হিসেবে ফ্রান্সকে ডিজেল দেবে আরব আমিরাত
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে আগ্রাসনের জেরে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর প্রতিশোধ হিসেবে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে রাশিয়া-এমন আশঙ্কা রয়েছে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত গতকাল সোমবার ফ্রান্সে ডিজেল তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে। খবর আরব নিউজ।
খবরে বলা হয়, প্যারিসে আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের মধ্যে বৈঠকের পর তেল সরবরাহের এ ঘোষণা আসে। শেখ মোহাম্মদ বলেন, সব ধরনের জ্বালানির ক্ষেত্রে সহযোগিতার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আরব আমিরাত সকল মানুষের, বিশেষ করে ফ্রান্সের জ্বালানি নিরাপত্তা সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম জানায়, সোমবার শেখ মোহাম্মদ এক সরকারি সফরে প্যারিসে পৌঁছেন। গত মে মাসে দায়িত্ব নেওয়ার পর উপসাগরীয় অঞ্চলের বাইরের কোনো দেশে এটাই তার প্রথম সফর। ফ্রান্সের এলিসি প্যালেসে তাকে অভ্যর্থনা জানানো হয়। সেখানে দুই দেশের কর্মকর্তারা জ্বালানি খাতে সহযোগিতার জন্য একটি বৃহত্তর কৌশলগত চুক্তিতেও স্বাক্ষর করেন।
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেন, আমরা ৪০ বছর ধরে আমাদের তেল সুদূর প্রাচ্যে বিক্রি করেছি এবং এখন আমরা এই সংকটের সময়ে এটি ইউরোপের দিকে নিয়ে যাচ্ছি।
ফ্রান্স আরব আমিরাতের অন্যতম প্রধান বিদেশি বিনিয়োগকারী। ২০২০ সালের শেষ নাগাদ আমিরাতে ফরাসী সরাসরি বিনিয়োগের পরিমাণ ছিল ২.৫ বিলিয়ন ইউরো, যেখানে আমিরাত ফ্রান্সে বিদেশি বিনিয়োগকারীদের তালিকায় ৩৫তম স্থানে রয়েছে।
২৭ সদস্যের ব্লকে ক্রমবর্ধমান জ্বালানি মূল্য, ব্যাপক মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় সংকটের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ইউক্রেনে অভিযানের প্রতিবাদে রাশিয়ান গ্যাসের আমদানি বন্ধের জন্য প্রস্তুত।
এর পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়া ইতোমধ্যে ইউরোপের এক ডজন দেশে গ্যাস সরবরাহ বন্ধ বা কমিয়ে দিয়েছে। রাশিয়া ও জার্মানির মধ্যে দৈত্যাকার নর্ড স্ট্রিম ১ পাইপলাইনটি রক্ষণাবেক্ষণের জন্য গত সপ্তাহে বন্ধ করে দেওয়া হয়েছে। আশঙ্কা করা হচ্ছে এটি আর চালু করা হবে না।









