টুইটার কেনা থেকে পিছিয়ে গেলেন ইলন মাস্ক
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ৪৪০০ কোটি ডলারের বিনিময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কেনা থেকে পিছিয়ে এসেছেন। কারণ হিসেবে বার বার চুক্তির বিভিন্ন ধারা লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এ বছর এপ্রিলে তিনি টুইটার কেনার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তারপর এ নিয়ে নানা রকম চাপানউতোর চলে। ইলন মাস্ক বলেছেন, স্পাম এবং ভুয়া কি পরিমাণ একাউন্ট আছে তা জানতে চেয়েছিলেন তিনি। কিন্তু টুইটার কর্তৃপক্ষ তাকে এ বিষয়ে যথেষ্ট তথ্য দিতে ব্যর্থ হয়েছে। এ কারণে তিনি পিছিয়ে এসেছেন। তবে সহজেই ছেড়ে দিচ্ছে না টুইটারও। তারা এই চুক্তি কার্যকর করতে আইনগত ব্যবস্থা নেয়ার পরিকল্পনা করেছে। টুইটারের চেয়ারম্যান ব্রেট টেইলর টুইটে বলেছেন, মিস্টার মাস্কের সঙ্গে যে মূল্য ও চুক্তির যেসব ধারা নিয়ে কর্তৃপক্ষ সম্মত হয়েছে, তা শেষ করে আনতে প্রতিশ্রæতিবদ্ধ টুইটার বোর্ড।
এর ফলে দুই পক্ষের মধ্যে দীর্ঘ এক আইনি লড়াই শুরু হবে বলে মনে করা হচ্ছে।









