কুমিল্লায় বিজিবির গাড়িতে হামলার ঘটনায় থানায় মামলা
ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার টাস্কফোর্সের অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ওপর সন্ত্রাসী/মাদক কারবারির হামলার অভিযোগে মামলা হয়েছে। বিজিবির পক্ষ থেকে মঙ্গলবার রাত ১টার দিকে কোতোয়ালি থানায় ৮ জনের নাম উল্লেখসহ আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়। এর আগে রাত ৮টার দিকে শাসনগাছায় ঘটনার সূত্রপাত হলেও রাত ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, শাসনগাছায় টাস্কফোর্স অভিযান চালালে সন্ত্রাসী/মাদক কারবারিরা বিজিবি দলকে ধাওয়া করে। রেল লাইন থেকে পাথর কুড়িয়ে ছোড়ে।
এ সময় পাশের রেলওয়ের লাইন নির্মাণ করা ম্যাক্স কোম্পানির অফিসে আশ্রয় নেয় বিজিবি। সন্ত্রাসী/মাদক কারবারিরা সেখানে গিয়ে বিজিবির গাড়ি ভাংচুর করে। ক্যাম্পের ভেতরেও তারা পাথর ছুড়ে মারে।

ম্যাক্স কোম্পানির সিকিউরিটি কর্মকর্তা আব্দুল মালেক ভুঁইয়া বলেন, আমাদের ক্যাম্পের ভেতরে বিজিবির গাড়ি আসলে বাইরে থেকে বৃষ্টির মতো পাথর ছোড়া হয়। কয়েকজন ভেতরে ঢুকে বিজিবির গাড়ি ভাংচুর করেছে।
শাসনগাছা এলাকার ব্যবসায়ী আসিফ হোসেন বলেন চোরা কারবারিদের ধরতে আসলে মাদক কারবারিরা বিজিবির গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে দুই বিজিবি সদস্য হাতে আঘাত পান।
ওসি সহিদুর জানায় আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা তদন্ত করছি। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।তবে এ ঘটনায় বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।











