কুমিল্লায় ১শ’ বোতল ফেন্সিডিল এবং ২৩শ’ পিস ইয়াবাসহ আটক ২
ডেস্ক রিপোর্টঃ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল (১৮ এপ্রিল) রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন জালুয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে পিকআপের ভিতর অভিনব কায়দায় বিশেষ বক্স তৈরি করে লুকিয়ে মাদক পরিবহনের সময় ১০০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। আটককৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার কোতয়ালি থানার জালুয়াপাড়া গ্রামের মোঃ শাহজাহান মিয়ার ছেলে মোঃ জুম্মন হোসেন (২৭)। উক্ত অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।
পৃথক অন্য আরেকটি আভিযানে (১৮ এপ্রিল) রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আড়াইওড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে । উক্ত অভিযানে ২৩০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার কোতয়ালি থানার গাজীপুর গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে মোঃ মোহন মিয়া(৩০)।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।











