রমজান উপলক্ষে বুর্জ খলিফায় আজান, বিশেষ আলোকসজ্জা
আন্তর্জাতিক ডেস্কঃ পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন, দুবাইয়ের বুর্জ খলিফায় প্রতিদিন দুবার আজান দেয়া হচ্ছে। রমজানের বিশেষ অনুষ্ঠান হিসেবে সেখানে মাগরিব ও এশার নামাজের আজান দেওয়া হচ্ছে। এছাড়া আজানের বাক্য দিয়ে ভবনটি আলোকিত করা হচ্ছে। খবর আরব নিউজ।
গত সোমবার বুর্জ খলিফার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে আজানের একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে বলা হয়েছে, রমজানের চেতনার সাথে একাত্মতা পোষণ করতে রমজানজুড়ে মাগরিব ও এশার নামাজের সময়ে বুর্জ খলিফায় আজান প্রচারিত হবে। প্রসিদ্ধ ইমামরা সেই আজান দেবেন।
এছাড়া আজানের ‘হাইয়া আলাস সালাহ’ (নামাজের জন্য আসুন) অংশটি নানা রঙে ভবনের সামনের দিকে বিশেষভাবে আলোকিত করা হচ্ছে।
সংযুক্ত আরব আমিরাতে গত ১ এপ্রিল শুক্রবার রমজানের চাঁদ দেখা গেছে। ২ এপ্রিল থেকে সেখানে রোজা শুরু হয়। সে হিসেবে আগামী ২ মে ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে বলে আশা করা হচ্ছে।
এদিকে, সংযুক্ত আরব আমিরাত সরকার পবিত্র রমজান মাসজুড়ে সরকারি খাতের কর্মীদের জন্য রমজানের কাজের সময় নির্ধারণ করেছে। সেখানে সোমবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এবং শুক্রবার সকাল ৯টা থেকে জুমার আগ পর্যন্ত কাজের সময় থাকবে। অন্যদিকে বেসরকারি খাতের কর্মীদের জন্য কাজের সময় প্রতিদিন দুই ঘণ্টা কমানো হয়েছে বলে জানিয়েছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়।









