কুমিল্লায় র্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ আটক ৩
নিউজ ডেস্কঃ র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০৯ ফেব্রুয়ারি ২০২২ইং তারিখে কুমিল্লা জেলার সদর দক্ষিন থানাধীন কুমিল্লা সিটি কর্পোরেশন ২৩নং ওয়ার্ড, কোর্টবাড়ি বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মটর সাইকেলে করে মাদক পরিবহনের সময় ০২ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো, কুমিল্লা জেলার চান্দিনা থানার কেরানখাল গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে জহিরুল(৩২), একই জেলার দেবিদ্বার থানার নয়াকান্দি গ্রামের ভুবন চন্দ্র বর্মন এর ছেলে টিটু চন্দ্র বর্মন (২০) এবং একই থানার ধমতি গ্রামের নারায়ন চন্দ্র শীল এর ছেলে পিযুশ চন্দ্র রায়(২৬)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত মটর সাইকেলটিও জব্দ করা হয়।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিন থানায় আইনানুগ ব্যবস্থা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।











