তালেবান ইস্যুতে কাতার আমিরের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান ছাড়ার পর এই প্রথম দোহায় তালেবান নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সোমবার তালেবান ইস্যুতে কাতারের আমিরের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন তিনি। এদিন স্থলপথে চার মার্কিনীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।
আগস্টেই কাবুল বিমানবন্দর ফাঁকা করে আফগানিস্তান ছেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু আফগানিস্তান থেকে সমস্ত মার্কিনকে এখনো উদ্ধার করা যায়নি।
উদ্ধার করা চার মার্কিনীকে আফগানিস্তান থেকে তাদের কাতারে নিয়ে আসা হয়েছে। তালেবানের সঙ্গে আলোচনা করেই এ কাজ করা হয়েছে বলে মার্কিন প্রশাসন জানিয়েছে। আটকে থাকা বাকি নাগরিকদেরও একইভাবে উদ্ধার করা হতে পারে। খবর এএফপির
সোমবার দোহায় পৌঁছে কাতারের নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তালেবান এখনো নতুন সরকার সম্পূর্ণভাবে গড়ে তুলতে পারেনি। তবে সরকার গঠন সময়ের অপেক্ষা। এই পরিস্থিতিতে আফগানিস্তানের সঙ্গে কেমন সম্পর্ক তৈরি করা হবে। প্রতিবেশি দেশগুলি কী ভাবছে, এ নিয়ে কাতারের আমিরের সঙ্গে তার দীর্ঘ বৈঠক হয়েছে।
আফগানিস্তানে কীভাবে সাহায্য পাঠানো যেতে পারে, তালেবানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কী হতে পারে, এই বিষয়গুলোও আলোচনায় এসেছে বলে মার্কিন প্রশাসন জানিয়েছে।
এখনো আফগানিস্তানে শতাধিক মার্কিন নাগরিক আটকে আছেন। বিমানে তাদের উদ্ধার করা যায়নি। আটকে আছেন মার্কিন বাহিনী, এবং মার্কিন সংস্থায় কাজ করা বহু আফগান। যারা দেশ ছাড়তে চান। কীভাবে এদের সকলকে উদ্ধার করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। কথা হয়েছে নতুন করে কাবুল বিমানবন্দরকে সচল করার বিষয়ে।
মার্কিন প্রশাসন জানিয়েছে, এই বিষয়গুলি নিয়ে তালেবান প্রতিনিধিদের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখছে।
তালেবান আফগানিস্তান দখলের পরে দূতাবাস থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরকাতারে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। কর্মীরাও সেখানে আছেন। এর জন্য কাতারকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন ব্লিংকেন।









