তালেবানের প্রতি যে আহ্বান জানালেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক: কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরাহমান আল থানি তালেবানকে নারীদের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
বুধবার নেদারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিগ্রিড কাগের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।
কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দোহায় যে সমঝোতা সংলাপ হয়েছে তার উল্লেখযোগ্য অংশ ছিল নারী এবং তাদের ভূমিকা নিয়ে। আমরা তালেবানের প্রতি বারবার আহ্বান জানিয়েছি তারা যেন নারীদের নিয়ে তাদের নীতি পুনর্মূল্যায়ন করে।
২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে এক শান্তি চুক্তি স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র। সেই চুক্তি মোতাবেক যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সেনা প্রত্যাহার করেছে। তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই সমঝোতায় মধ্যস্থতা করে কাতার।
কাতারের শেখ মোহাম্মদ বিন আব্দুলরাহমান আল থানি বলেন, তালেবানদের নারীদের অধিকার বিবেচনা করা উচিত। তারা যে প্রতিশ্রুতি দিয়েছে তা রক্ষা করা উচিত। এ সময় তিনি বলেন, যেসব আফগান নাগরিক দেশ ত্যাগ করতে চায় তালেবানকে আমরা তাদের দেশত্যাগে অনুমতি দিতে অনুরোধ করেছি।











