চসিক মেয়রের সঙ্গে হালিশহর আর্টিলারি সেন্টার প্রতিনিধি দলের সাক্ষাৎ
চট্রগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সঙ্গে মঙ্গলবার সকালে চসিকের টাইগারপাসস্থ অস্থায়ী অফিসের মেয়র দপ্তরে আর্টিলারি সেন্টার হালিশহরের ব্রিগেডিয়ার এ কে এম ইকবাল আজিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে।
সাক্ষাৎকালে কর্মকর্তারা আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিতব্য তাদের প্রশিক্ষণ কর্মসূচি সম্পর্কে মেয়রকে জানান। এই কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য রাখার কথা রয়েছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে হালিশহর আর্টিলারী সেন্টার সার্বিক প্রস্তুতি কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় ২৭ অক্টোবরের অনুষ্ঠানের আগে আর্টিলারির ১০ নম্বর গেইট থেকে রিং রোড পর্যন্ত রাস্তা ও আর্টিলারির ভেতরের রাস্তা সংস্কার এবং আর্টিলারির প্রবেশের রাস্তায় ওয়াকওয়ে নির্মাণে মেয়রকে অনুরোধ জানান।
মেয়র তাদের অনুরোধের প্রেক্ষিতে রাস্তাগুলো মেরামত ও ওয়াকওয়ে নির্মাণে করপোরেশনের প্রকৌশল বিভাগের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তাদের আশ্বস্ত করেন। এ সময় হালিশহর আর্টিলারি সেন্টারর লে. কর্ণেল মাহবুবসহ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম উপস্থিত ছিলেন।










