বিদেশী বিনিয়োগকারীদের ১০ বছর বসবাসের অনুমতি দিলো ওমান
আন্তর্জাতিক ডেস্ক: সুলতান-শাসিত মধ্যপ্রাচ্যের দেশ ওমান ঘোষণা করেছে যে তারা বিদেশী বিনিয়োগকারীদের ১০ বছরের জন্য বসবাসের অনুমতি দেবে। দীর্ঘমেয়াদে বসবাসের এ অনুমতি দেয়ার নেপথ্য কারণ হলো বিদেশী বিনিয়োগ আকর্ষণ বলে জানিয়েছে দ্যা ওমান নিউজ এজেন্সি।
এ ঘোষণা এমন সময়ে দেয়া হয়েছে যখন দেশটি অর্থনৈতিক সমস্যায় ভুগছে। করোনা মহামারীর প্রাদুর্ভাবের পর দেশটিতে এমন অর্থনৈতিক সঙ্কট দেখা দেয়। এমন অর্থনৈতিক সঙ্কটে পতিত হবার পর দেশটি তাদের অর্থনৈতিক কাঠামোকে বহুমুখী করার পদক্ষেপ নিয়েছে।
বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে দায়িত্বরত ওমানের মন্ত্রণালয় বলছে যে বিনিয়োগকারীদের বসবাসের অনুমতি দেয়ার বিষয়ে একটি কার্যক্রম চালু করা হবে। এ প্রকল্পের আওতায় বিদেশী বিনিয়োগকারীরা ও অবসরপ্রাপ্ত ব্যক্তিরা ওমানে বিনিয়োগ করে দেশটিতে দীর্ঘ দিনের জন্য অবস্থান করতে পারবেন। ওমানের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগামী সেপ্টেম্বর থেকে এ প্রকল্প চালু করা হবে।
বিনিয়োগকারীদের বসবাসের অনুমতি দেয়ার এ কার্যক্রমের প্রধান লক্ষ্য হলো ওমানে বিনিয়োগ বৃদ্ধি করা। এ প্রকল্পের আওতায় ওমানে ৫ থেকে ১০ বছর বসবাসের অনুমতি দেয়া হবে। বিনোয়োগের পরিবেশ সৃষ্টিতে ওমান বিভিন্ন সমন্বিত উদ্যোগও নিচ্ছে। বড় ধরনের বিনিয়োগ আকর্ষণই এখন ওমানের মূল লক্ষ্য বলে জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়।
সূত্র : দ্যা সিয়াসাত ডেইলি











