বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করলেন উপমন্ত্রী শামীম
ডেস্ক নিউজ: শরীয়তপুরের নড়িয়া-সখিপুরের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। শুক্রবার সারাদিন বিভিন্ন ইউনিয়নের অসহায় দরিদ্র লোকজনের বাড়িতে গিয়ে তিনি নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় তার সঙ্গে ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হুমায়ূন কবির মোল্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ, সখিপুর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার সকাল ১১টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলা সদরে নড়িয়া বিহারী লাল উচ্চ বিদ্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও নড়িয়া পৌরসভার উদ্যোগে ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সারা দেশের প্রত্যেকটি ইউনিয়ন ও নড়িয়া পৌরসভাসহ বিভিন্ন এলাকায় ৩৫ লাখ মানুষকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী এ করোনা সংকটে, নিজে দিন রাত পরিশ্রম করে করোনা মোকাবেলা করেছেন। আমরা মন্ত্রিসভার সদস্যরা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ ও কৃষকলীগ মানবতার জন্য কাজ করে।
তিনি বলেন, এ গরমের ভিতরে ছাত্রলীগ ধান কেটে মাথায় করে কৃষকের বাড়ি বাড়ি ধান পৌঁছে দিচ্ছে। মানুষের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মীরাই থাকেন। আর কেউ থাকেন না। তারা শুধু বড় বড় কথা বলেন, তাদের (রাজনৈতিক দল) একদিন এক রোজাদার ব্যক্তিকে ইফতার ও করাতে দেখি নাই।
উপমন্ত্রী বলেন, করোনাভাইরাসের মধ্যে শেখ হাসিনার কর্মীরা প্রতিদিন দেখি, নিজেরা ইফতার না করে শত শত মানুষকে ইফতার দিচ্ছে। এটা নড়িয়া, সখিপুর ও শরীয়তপুরসহ সারা দেশে হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার নেত্রী, আওয়ামী লীগ মানবতার দল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, নড়িয়া থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক মাল, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল ছালাম মাস্টার, সাবেক ভিপি সিরাজুল হক চুন্নু, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল শিকদার, শরীয়তপুর জেলা পরিষদের সদস্য আলম বয়াতী, মোক্তারের চর ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম চৌকিদার, নড়িয়া পৌরসভার কাউন্সিলর শহিদুল সরদার, জাফর শেখ, নড়িয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আসাদুজ্জামান বিপ্লব প্রমুখ।










