স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বদলি
নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতির অবনতির মধ্যেই স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নানকে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত করা হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়াকে।
আব্দুল মান্নানকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়াও ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো. মোকাব্বির হোসেনকে সুরক্ষা সেবা বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে।
এদিকে করোনায় আক্রান্ত হয়ে গত শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্বাস্থ্যসেবা সচিব আবদুল মান্নান।
তাকে মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়।
গত বছর জুন মাসে মান্নান স্বাস্থ্য সচিবের দায়িত্ব নেওয়ার কিছুদিন পর তার স্ত্রী কামরুন নাহার কভিডে আক্রান্ত হয়ে মারা যান।
দেশে পরীক্ষামূলকভাবে করোনাভাইরাসের টিকাদান শুরুর পর গত ২৮ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকার প্রথম ডোজ নিয়েছিলেন মান্নান।











