প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে বাংলাদেশের বিস্ময়কর উন্নয়ন: অর্থমন্ত্রী
ডেস্ক নিউজ: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশের বিস্ময়কর উন্নয়ন ঘটেছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উদযাপনের অংশ হিসেবে রবিবার কুয়েতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এক অনলাইন আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত আলি সুলাইমান আল-সাঈদ, এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী, কুয়েত বিশেষ অতিথি এবং ড. আতিউর রহমান, ‘বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক’ ঢাকা বিশ্ববিদ্যালয়, চেয়ারম্যান, উন্নয়ন ও সমন্বয়, প্রাক্তন গবর্নর, বাংলাদেশ ব্যাংক মূল বক্তা হিসেবে আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ আশিকুজ্জামান এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। আলোচনা অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম শুভেচ্ছা ভিডিও বার্তা দেন।
মূল বক্তা ড. আতিউর রহমান তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, বাংলাদেশের সঙ্গে কুয়েতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি ‘কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট’-এর মাধ্যমে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কুয়েতের অবদানের কথা তুলে ধরেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে বর্তমান সরকার দেশের অর্থনীতির চাকা সচল রেখে অত্যন্ত সফলতার সঙ্গে করোনা মোকাবেলা করছে। করোনাকালেও এশিয়ার সবগুলো দেশের মধ্যে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি সর্বোচ্চ যা ৫.২৪ শতাংশ।
অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনাপর্বে অংশ নিয়ে কুয়েতে নিযুক্ত ভারত, ভুটান, শ্রীলঙ্কা, নেপালের মান্যবর রাষ্ট্রদূতগণ এবং কুয়েতস্থ’ সেনেগাল ও ইয়েমেন দূতাবাসের উপ-মিশন প্রধান এবং কুয়েতের গণমাধ্যমের প্রতিনিধিগণ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে উঞ্চ-অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
বিশেষ অতিথি রাষ্ট্রদূত আলি সুলাইমান আল-সাঈদ, এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী, কুয়েত তার বক্তব্যে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে তার শুভেচ্ছা জানান। এ রকম অনলাইন আলোচনা অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জ্ঞাপন কনে।
রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ আশিকুজ্জামান এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি তার সমাপনী বক্তব্যে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আলোচনায় অংশগ্রহণকারী সকল সম্মানিত অতিথিবৃন্দকে তাদের সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।










