বিএনপির নেতিবাচক রাজনীতি না থাকলে দেশ আরো এগিয়ে যেতো: তথ্যমন্ত্রী
নিউজ ডেস্ক: ‘দেশ অনেক এগিয়ে গেছে এবং বিএনপির দলাদলি ও নেতিবাচক রাজনীতি না থাকলে আরো এগিয়ে যেতো বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
বুধবার (৩ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে সংগঠনের প্রয়াত সহ-সভাপতি বরেণ্য চলচ্চিত্র অভিনেতা বীর মুক্তিযোদ্ধা এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে স্মরণ সভায় তিনি একথা বলেন।
সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার এক বক্তব্যে বলেছেন, স্বাধীনতার ৫০ বছরে আমরা শুধু দলাদলি করেছি, দেশ এগোয়নি। বিএনপি মহাসচিবের এমন বক্তব্যকে ইঙ্গিত করে তথ্যমন্ত্রী বলেন, ‘আপনি ঢাকা কলেজে পড়াতেন, আপনি একজন শিক্ষিত মানুষ, যদিওবা অহরহ বিএনপির পক্ষে কথা বলতে গিয়ে প্রচণ্ড অসত্য কথা বলতে হয়, কিন্তু আপনি একজন মার্জিত মানুষও বটে। আজকে যে দেশ এতদূর এগিয়ে গেছে, ভারত-পাকিস্তানসহ সারাবিশ্ব সেটি অনুধাবন করেছে আর আপনি সেটি অনুধাবন করতে পারলেন না?
হাছান মাহমুদ জানান, জাতিসংঘ সার্টিফিকেট দিয়েছে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ের দেশ হয়েছে, খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্যে উদ্বৃত্তের দেশ হয়েছে, ২০০৮ সালের ৬০০ ডলার মাথাপিছু আয় এখন ২০৬৯ ডলারে উন্নীত, যা ভারত এবং পাকিস্তানের মাথাপিছু আয় থেকে অনেক বেশি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৪ বিলিয়ন ডলার যা পাকিস্তানের তিনগুণ, এই তথ্যগুলো আপনাদের কাছে নেই দেখে আমি খুব অবাক হচ্ছি।
ড. হাছানের মতে, ‘বিএনপি যদি দলাদলি আর নেতিবাচক রাজনীতি না করতো, জঙ্গিদের আশ্রয় দেয়া, স্বাধীনতা বিরোধীদের প্রশ্রয় দেয়া, তাদের সাথে বসে রাজনীতি করা না হতো, তাহলে দেশ আরো বহুদূর এগিয়ে যেতে পারতো।










