পরকীয়া বন্ধে দণ্ডবিধির ৪৯৭ ধারা সংশোধনের দাবি
নিউজ ডেস্ক: পরকীয়া বন্ধের জন্য বাংলাদেশ দণ্ডবিধির ৪৯৭ ধারা সংশোধনের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে হেল্প ফর ম্যান ফাউন্ডেশন নামে একটি সংগঠন। এছাড়া, মানববন্ধন থেকে ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমার বিরুদ্ধে মামলা এবং এসিড হামলার অভিযোগে গায়িকা মিলার বিরুদ্ধে তার সাবেক স্বামীর করা করা মামলাটিরও সুষ্ঠু বিচারের দাবি জানানো হয়।
বুধবার (৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এ সময় সংগঠনটির ঢাকা মহানগরের আহ্বায়ক আনোয়ার হোসেন বাল্যবিবাহ প্রতিরোধে বিবাহ রেজিস্ট্রেশন প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে করার দাবি করেন।
মানববন্ধনে সংগঠনটির চেয়ারম্যান প্রকৌশলী মাজহারুল মান্নান মিয়া বলেন, ‘পরকীয়া আমাদের সাজানো-গোছানো সংসার শেষ করে দিচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরুষ ও সন্তানরা। এজন্য লিঙ্গ নিরপেক্ষ আইন ও পুরুষ নির্যাতন দমন আইন করার দাবি জানাচ্ছি। একইসঙ্গে দণ্ডবিধির ৪৯৭ ধারা সংশোধন করা হোক।’
মানববন্ধনে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আলিফসহ ডা. মঈনুদ্দিন, মো. সুমন ও রেজওয়ান খান প্রমুখ উপস্থিত ছিলেন।










