বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করবে ভারত
নিউজ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, বাংলাদেশের পাশাপাশি ভারতও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করবে। জাতীয় প্রেসক্লাবের মিডিয়া সেন্টার উদ্বোধনকালে সোমবার (১ মার্চ) তিনি এ কথা বলেন। পরে মিডিয়া সেন্টারটি ঘুরে দেখেন তিনি।
আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বিক্রম দোরাইস্বামী বলেন, প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত কাজে ভূমিকা রাখছে। এখানে শুধু সাংবাদিকই নয় কবি, লেখক, চলচ্চিত্র নির্মাতারাও রয়েছেন। আমরা প্রেসক্লাবের মিডিয়া সেন্টারের উন্নয়ন কাজের সহযোগী হতে পেরে আনন্দবোধ করছি। যদি আমরা সুযোগ পাই আগামীতে আরও ভূমিকা রাখব।
তিনি আরও বলেন, ১৯৭১ সাল থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক রয়েছে। বাংলাদেশ ভারতের বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ সহযোগী। একাত্তর সালে যে সম্পর্ক হয়েছিল, সেটি এখনও রয়েছে। ভবিষ্যতে এ দুই দেশের সম্পর্ক আরও ভালো হবে। আর এ বছর বাংলাদেশের স্বাধীনতার যে সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে সেই আয়োজন দুই দেশ একসঙ্গে উদযাপন করবে।
এ সময় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও সিনিয়র সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বর্তমানে মিডিয়া সেন্টারে ৩৪টি কম্পিউটার ইন্টারনেট সুবিধাসহ চালু রয়েছে।










