রাজধানীতে বাসচাপায় সাংবাদিকের মৃত্যু
নিউজ ডেস্ক: গুলশান নদ্দা বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস চাপায় গোপাল সূত্রধর (৩৮) নামের এক সংবাদ কর্মী মারা গেছেন। তিনি ৭১ টেলিভিশনের ভিডিও এডিটর ছিলেন।
বুধবার (২৭জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষ অবস্থায় পথচারীরা তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গুলশান থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এসআই) বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদ্দা বাসস্ট্যান্ড এর উত্তর দিকে যাত্রীবাহী ভিক্টর পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। ঘটনার পরপরই ভিক্টর পরিবহন নামে বাসটিকে জব্দ করা হয়েছে।
তবে চালক পালিয়ে যায়।
একাত্তর টিভি কতৃপক্ষ জানায়, গোপালের গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর নগর ভদ্রগ্রাম। পিতা চৈতানন সূত্রধর, মা শেফালী রানী সূত্রধর। তিন ভাই বোনের মধ্যে গোপালই ছিলেন কনিষ্ঠ। দুই কন্যা সন্তানের জনক গোপাল সূত্রধর। ২০১৪ সাল থেকে একাত্তর টিভিতে কর্মরত ছিলেন। এর আগে বেসরকারি টিভি চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট-এ কাজ করেছেন।










