ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলাদেশের সেনারা
ডেস্ক রিপোর্ট: ভারতে উদযাপিত হলো ৭২তম প্রজাতন্ত্র দিবস। ২৬ জানুয়ারি দিল্লিতে প্রতি বছরের ন্যায় সেনাবাহিনীর তরফে কুচকাওয়াজের আয়োজন করা হয়।দিল্লির সেই কুচকাওয়াজে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে এবার অংশ নেয় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একটি দল।
কুচকাওয়াজে বাংলাদেশের ১২২ সদস্যবিশিষ্ট সশস্ত্র বাহিনীর একটি দল অংশ নেয়। লে. কর্নেল আবু শাহনূর শাওন বাংলাদেশ দলের নেতৃত্ব দেন। বাংলাদেশ-ভারত বন্ধুত্বের ৫০ বছর পূর্তিতে এ যৌথ কুজকাওয়াজ আরও এগিয়ে নেবে।
১৯৪৭ সালের ১৫ আগস্ট দেশ স্বাধীন হলেও ভারতের নিজস্ব কোনো সংবিধান ছিল না। সেই সংবিধান রচিত হয় এবং ১৯৪৯ সালের ২৬ নভেম্বর তা গৃহীত হয়। সে সময় সংবিধান রচয়িতারা ঠিক করেন, ভারতের প্রজাতন্ত্র হয়ে ওঠা কোনো বিশেষ একটি দিনে উদযাপন করা উচিত। সে কারণেই বেছে নেওয়া হয় ২৬ জানুয়ারি দিনটি। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি প্রথম প্রজাতন্ত্র দিবস পালিত হয়।
এবছর করোনা আবহে কম করা হয়েছিল কুচকাওয়াজের সময়। মাত্র ৩০ মিনিট মূল কুচকাওয়াজের সময় নির্দিষ্ট করা হয়। একসঙ্গে কমানো হয় অতিথির সংখ্যাও। শিশু এবং বয়স্কদের এবছর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রবেশাধিকার দেওয়া হয়নি। কোনো বিদেশি অতিথিকেও আমন্ত্রণ জানানো হয়নি।









