তাপস-খোকন মতপার্থক্যে দলে কোন প্রভাব পড়বে না
ডেস্ক রিপোর্ট: স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার ফজলে নুর তাপস ও সাবেক মেয়র সাঈদ খোকনের মধ্যে কিছুটা মত পার্থক্য হলেও সময়ের সাথে সাথে তা দুর হয়ে যাবে। এতে দলে কোন প্রভাব পড়বে না বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নওগাঁ ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যকে শপথ বাক্য পাঠ করানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তিনি বলেন, পূর্বে দায়িত্ব পালনকালে বা বর্তমানে দায়িত্ব পালন করতে গিয়ে তাদের মধ্যে কিছুটা মতপার্থক্য থাকতেই পারে। সেটা সময়ের ব্যবধানে নিরসন হবে বলেও মনে করেন তিনি। দু’জনের মামলা-মোকদ্দমার প্রসঙ্গে মন্ত্রী বলেন, দিনের খবরে তাঁর মনে হয় মামলা হোক এটা তাপস চাননি। এটা খুব বড় একটা কনসার্ন ইস্যু নয় বলেও মনে করেন তাজুল ইসলাম।
তিনি বলেন, দু’জন ব্যক্তির মধ্যে ভুল বোঝাবুঝি অথবা মতপার্থক্য হবেই। একে তিনি খুব অস্বাভাবিক কিছু হিসেবে দেখছেন না। আর খুব বড় করে দেখার মতো কিছু নয় বলেও জানান মন্ত্রী।










