দেশে কোনো পরিবার আর গৃহহীন থাকবে না: পলক
ডেস্ক রিপোর্ট: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সারা দেশে ৯ লাখ গৃহহীন পরিবারের তালিকা প্রণয়ন করে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে পর্যায়ক্রমে গৃহ নির্মাণ করে দিচ্ছে সরকার। দেশে কোনো পরিবার আর গৃহহীন থাকবে না।
গতকাল বৃহস্পতিবার সকালে নাটোরের সিংড়া উপজেলার মাঝগ্রাম এলাকায় মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের বাড়ি নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে একথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শুধু বিজয়ই উপহার দেননি, দেশের মেহনতি মানুষের ভাগ্যোন্নয়নের মাধ্যমে সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার কাজ শুরু করেছিলেন। আমাদের সংবিধানে সংযোজিত দেশের সব মানুষের গৃহ নির্মাণসহ পাঁচটি মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেন বঙ্গবন্ধু। ’৭১-এর পরাজিত শক্তিরা বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে রুখে দিতে চেয়েছিল। তিনি বেঁচে থাকলে অনেক আগেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হতো। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করতে কার্যকর পরিকল্পনা প্রণয়ন করে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা।
তিনি বলেন, শেখ হাসিনা সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসিত করার কার্যক্রম শুরু করেছেন। পর্যায়ক্রমে দেশের ৯ লাখ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে। সারা দেশে এক হাজার ১৬০ কোটি টাকা ব্যয়ে ৬৫ হাজার ৭২৬টি গৃহের নির্মাণকাজ এখন শেষের পথে, আগামী ১৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এসব গৃহ হস্তান্তর করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, ‘করোনাকালে উন্নত অনেক দেশের অর্থনীতি বিপর্যয়ের মধ্যে পড়েছে। কিন্তু শেখ হাসিনার যোগ্য ও দক্ষ নেতৃত্বে শুধু করোনা সংকটই নয়, একই সঙ্গে বন্যা পরিস্থিতিও মোকাবিলা করা হয়েছে। নিরন্ন মানুষের মুখে খাবার তুলে দেয়া হয়েছে, কর্মহীন মানুষকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং ব্যবসায়ীদের প্রণোদনা প্রদান করা হয়েছে। এসব উদ্যোগের কারণে আমাদের দেশের অর্থনীতি বিপর্যস্ত হয়নি। বর্তমানে আমাদের অর্থনীতি অনেক সমৃদ্ধ। আশা করা হচ্ছে, আগামী ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের উন্নত অর্থনীতির ২৫টি দেশের একটি হবে।’
প্রতিমন্ত্রী মাঝগ্রাম এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নাধীন ভূমিহীন ও গৃহহীনদের বাড়ি নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। পরিদর্শনকালে নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, ‘সরকারের নির্দেশিত নীতিমালার আলোকে ভূমিহীন ও গৃহহীনদের বাড়ি নির্মাণ করা হচ্ছে। সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে সুফলভোগীদের তালিকা প্রণয়ন করা হয়েছে।’
নির্মাণাধীন গৃহ পরিদর্শন শেষে মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন প্রতিমন্ত্রী।









