অভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখছে বিএনপি: ওবায়দুল কাদের
নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির গণঅভ্যুত্থান করার ঘোষণা প্রসঙ্গে বলেছেন, যাদের রাজপথে একটি বড় মিছিলের সক্ষমতা নেই তারা অভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখছে। আসলে রাজনৈতিক ব্যর্থতাজনিত হতাশা বিএনপিকে গ্রাস করেছে। তাই তারা দেশ ও সরকারের অর্থনৈতিক কোন ইতিবাচক অর্জন দেখতে পায় না।
রবিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ’র সঙ্গে সেবার মান বৃদ্ধি বিষয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারী বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন। আলোচনা সভায় বিআরটিএ সদর দফতর, ঢাকা মহানগরী, পার্শ্ববর্তী জেলাসমূহ, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট জেলার কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।
দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে সরকার মিথ্যাচার করছে- বিএনপি নেতাদের এমন সমালোচনার জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশের কোন সুখবর, উন্নয়ন ও সমৃদ্ধি দেখলে তাদের (বিএনপি) গায়ে জ্বালা ধরায়। এজন্যই সবকিছু নিয়ে অবিশ্বাস আর মিথ্যাচার বিএনপির মজ্জাগত অভ্যাস।
বিএনপির আন্দোলনের হুমকি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারাই তাদের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে মুখ খুলতে শুরু করেছেন। একজন তো বলেই ফেলেছেন ঘরোয়া খেলা বন্ধ করতে হবে। নিজেদের ঘরেই যখন সমস্যা তখন তারা (বিএনপি) কীভাবে দেশের সমস্যা সমাধান করবেন? বাংলাদেশের মানুষ বিএনপির মিথ্যাচারের রাজনীতিতে আর বিশ্বাস করে না।
তিনি বলেন, বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে,। নতুন গতি এসেছে প্রবাসী আয়ে। কিন্তু এসব ইতিবাচক দিক বিএনপি দেখতে পায় না। রাজনৈতিক ব্যর্থতাজনিত হতাশা বিএনপিকে গ্রাস করেছে। তাই দেশ ও সরকারের অর্থনৈতিক কোন ইতিবাচক অর্জন তারা দেখতে পায় না। তিনি বলেন, দেশে এখন পর্যন্ত ১৮টি ফ্লাইওভার, ৪১৩ কিলোমিটার চারলেনের মহাসড়ক নির্মাণ হয়েছে। এটা বিশ্বাস না হলে বিএনপি নেতাদের বলব- আপনারা সরেজমিনে গিয়ে দেখে আসুন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, গত অর্থবছরের শেষ দিকে করোনার নেতিবাচক প্রভাবে বিশ্ব অর্থনীতি থমকে গিয়েছিল। তা সত্ত্বেও গত এক দশক ধরে দেশে জিডিপি’র উচ্চ প্রবৃদ্ধি হয়েছে। সেই ধারাবাহিকতায় করোনার প্রভাব সত্ত্বেও প্রবৃদ্ধি ৫ শতাংশের ওপরে অর্জিত হয়েছে। এডিবি ২০২০-২১ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রবৃদ্ধি অর্জনের দিক দিয়ে এশিয়ার চতুর্থ শীর্ষতম দেশ হবে বাংলাদেশ। মন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আত্মীয় ও দলীয় পরিচয় দিয়ে বিআরটিএতে যারা প্রভাব খাটাতে চায় তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে। বিআরটিএতে নিয়ম কানুন অনুযায়ী সবাইকে চলতে হবে, এর ব্যত্যয় ঘটলেই ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।








