নির্বাচনের দিন হোয়াইট হাউসেই ট্রাম্পের পার্টি
ডেস্ক নিউজ: যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিন সন্ধ্যায় হোয়াইট হাউসেই পার্টি করতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে তাঁর হোটেলে উৎসব পার্টি আহ্বান করেছিলেন। কিন্তু কোভিড-১৯ সংক্রমণে সতর্কতার জন্য ওয়াশিংটন ডিসির মেয়র সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। ট্রাম্প শিবির থেকে এখন বলা হচ্ছে, হোয়াইট হাউসেই তারা পার্টি স্থানান্তর করতে পারেন। ৩০ অক্টোবর শুক্রবার নির্বাচনী প্রচারে যাওয়ার আগে হোয়াইট হাউসের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের ট্রাম্প এসব কথা জানিয়েছেন।
নিউইয়র্ক টাইমস প্রতিবেদনে বলেছে, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ওয়াশিংটন ডিসির মেয়র নগরীতে ৫০ জনের বেশি সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন।
ট্রাম্প শিবির থেকে প্রকাশ্যে কোনো ঘোষণা দেওয়া হয়নি। ওয়াশিংটন ডিসির ট্রাম্প টাওয়ারে উপস্থিত হওয়ার জন্য সমর্থকদের জানানো হয়েছে।
শুক্রবারে ট্রাম্প উষ্মা প্রকাশ করে বলেছেন, ‘মেয়র নগরী বন্ধ করে দিয়েছেন। ফলে হোটেলে উৎসব করতে পারবেন কি না, এ নিয়ে তিনি নিশ্চিত নন। উৎসবের স্থল স্থানান্তর করার জন্য তিনি ভাবছেন।’
ডোনাল্ড ট্রাম্পের ছেলে এবং তাঁর নির্বাচনী প্রচারে তাঁর অন্যতম সহযোগী এরিক ট্রাম্প শুক্রবার সকালে বলেছেন, তাঁরা ট্রাম্প টাওয়ার থেকে মঙ্গলবার সন্ধ্যার উৎসবটি হোয়াইট হাউসের আঙিনায় স্থানান্তর করার চিন্তা করছেন। নির্বাচনের রাতটি তাদের জন্য মহৎ হয়ে উঠবে বলে এরিক উচ্ছ্বাস প্রকাশ করছেন।










