কবি নজরুলের স্মৃতিফলক ভাঙলো কার স্বার্থে
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুলের স্মৃতিফলক ভেঙে ফেলা হয়েছে। নগরীর নজরুল এভিনিউয়ে প্রমিলা দেবীর বাড়ির (গোমতী হাসপাতাল) সামনে এ স্মৃতিফলকটি ছিল। গতকাল ১০ অক্টোবর দুপুরে সিটি করপোরেশনের কর্মী পরিচয়ে কিছু ব্যক্তি ওই স্মৃতিফলকটি ভেঙে ফেলে। তবে এ বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের ১০ নং ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর এবং করপোরেশনের কোনও কর্মকর্তা কিছু বলতে পারেননি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ফরিদা বিদ্যায়তনের সামনের সড়কের উল্টো পাশে প্রমিলা দেবীর বাড়ির সামনে একটি বিদ্যুতের খুঁটির নিচে নজরুলের এই স্মৃতিফলকটি ছিল। শনিবার দুপুরে সিটি করপোরেশনের লোক পরিচয়ে হাতুড়ি ও হ্যামার দিয়ে পিটিয়ে স্মৃতিফলকটি ভেঙ্গে মূলসহ উপড়ে ফেলা হয়। বর্তমানে এর কোনও চিহ্ন নেই। খুঁটির নিচে একটি গর্ত পড়ে আছে।
এই বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর মনজুর কাদের মনি জানান, নজরুলের স্মৃতিফলকটি কে বা কারা ভেঙে ফেলেছে তার কিছুই বলতে পারবো না। বিষয়টি সম্পর্কে কেউ আমাকে কিছু জানাননি। রবিবার সকালে এর খোঁজ নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর শওকত হোসেন দায় অস্বীকার করে জানান, নজরুল আমাদের জাতীয় কবি। উনার স্মৃতির উদ্দেশে তৈরি করা ফলক ভেঙে ফেলার বিষয়ে আমরা কিছুই জানি না। স্মৃতিফলকটি সিটি করপোরেশনের কেউ ভাঙেনি। কারণ, এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় সরিয়ে নেওয়ার কিংবা ভেঙে ফেলার বিষয়টি করপোরেশন থেকে হলে অবশ্যই আমি জানতাম। তাহলে এই ফলক ভাঙলো কে এমন প্রশ্নের জবাবে তিনি আর কিছু বলতে পারেননি।










