‘দাবার উন্নয়নে প্রয়োজন নির্দিষ্ট ভেন্যু’
ডেস্ক নিউজ: নির্দিষ্ট ভেন্যুর দাবি দাবাড়ুদের অনেকদিনের। দাবার বর্তমান সভাপতি এবং পুলিশের মহাপরিচালক (আইজিপি) ড. বেনজীর আহমেদ খেলাটির উন্নয়নে ভেন্যুর ব্যাপারে সর্বাত্মক গুরুত্ব দিচ্ছেন।
সাধারণত পুলিশের আইজি কাবাডি ফেডারেশনের সভাপতি হন। বেনজীর আহমেদ আগে থেকেই দাবার সঙ্গে সম্পৃক্ত থাকায় আইজিপি হওয়ার পরও এই দায়িত্ব চালিয়ে যাচ্ছেন।
বৃহস্পতিবার কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা টুর্নামেন্টের উদ্বোধনের সময় ফেডারেশনের সভাপতি ড. বেনজীর আহমেদ বলেন, ‘দাবার উন্নয়নের জন্য প্রয়োজন নির্দিষ্ট ভেন্যু।
কারণ আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে আমরা কখনও রেস্তোরাঁ, কখনও সেন্টার ভাড়া করে খেলা চালিয়েছি। আমাদের দাবা ফেডারেশনের কক্ষও সীমিত। সীমিত কক্ষ ও ভাড়া করে রুম নিয়ে দাবাকে বিশ্বমানে নেয়া সম্ভব নয়। দাবার উন্নয়নের জন্য সুনির্দিষ্ট একটি ভেন্যুর প্রয়োজন।’
ভেন্যুর বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও আলোচনা করেছেন তিনি, ‘প্রতিমন্ত্রী মহোদয় এবং আরও কয়েকজনের সঙ্গে আমি বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আশা করছি, শিগগিরই ভেন্যু সমস্যার সমাধান হবে।’ ভেন্যু সমস্যা সমাধানের আশ্বাসের পাশাপাশি আরেকটি সুখবর দিয়েছেন সভাপতি, ‘একেএস গ্রুপ বাংলাদেশ দাবা ফেডারেশনে আগামী পাঁচ বছর পৃষ্ঠপোষকতা করবে। তাদের পৃষ্ঠপোষকতায় হবে স্কুল দাবা।
আর এই স্কুল দাবার মাধ্যমে আগামীতে আরও গ্র্যান্ডমাস্টার উঠে আসার স্বপ্ন দেখছেন সভাপতি, ‘স্কুল দাবা নিয়মিত হলে এখানে রেটিংধারী দাবাড়ু তৈরি হবে। এরপর ধাপে ধাপে আমরা টুর্নামেন্ট আয়োজন করতে পারব। স্কুল দাবাড়ুরাই একদিন গ্র্যান্ডমাস্টার হবে।’










