12950

দাউদকান্দি উপজেলা নির্বাচন: আ’লীগে ৪ মনোনয়ন প্রত্যাশী, বিএনপির একক প্রার্থী ঘোষণা

দাউদকান্দি প্রতিনিধি: আগামী ২০ অক্টোবর কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৪ সেপ্টেম্বর তারিখ ঘোষণার পর তৎপর হয়ে উঠেছেন মনোনয়ন প্রত্যাশীরা। ক্ষমতাসীন আওয়ামীলীগের মধ্যে তৎপরতা বেশি দেখা যাচ্ছে। চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে আওয়ামী লীগের ৪ জন প্রার্থী কেন্দ্রে জোর লবিং চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে এলাকায় জনসংযোগও করছেন তারা ।

বিএনপির একক প্রার্থী মাঠে থাকলেও জাতীয় পার্টি বা অন্য কোন দলের প্রার্থীকে মাঠে দেখা যাচ্ছে না। নৌকার মনোনয়ন প্রত্যাশীরা প্রচার ও গণসংযোগের পাশাপাশি আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতাদের পেছনে ছুটছেন।

ads

কে হতে পারে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে যোগ্য প্রার্থী? আলোচিত প্রার্থীদের নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সরব হয়ে উঠছে। অলিতে-গলিতেও শোভা পাচ্ছে প্রার্থীদের ব্যানার-ফেস্টুন। এখানে বিএনপির একক প্রার্থী কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল আলম ভূইয়া।

ইতোমধ্যে প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছে আওয়ামী লীগ। ১৬ সেপ্টেম্বর থেকে দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে শুরু হয়েছে মনোনয়ন প্রত্যাশীদের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের কার্যক্রম।

ads

এখন পর্যন্ত দাউদকান্দি উপজেলার ৪ জন মনোনয়নপ্রত্যাশী দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। রোববার (২০সেপ্টেম্বর) পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদান কার্যক্রম শেষে দলের সোমবার সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে দলীয় প্রার্থী চূড়ান্ত করার কথা রয়েছে।

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলেছেন, জনগণের সঙ্গে যাদের সম্পৃক্ততা ও গ্রহণযোগ্যতা বেশি, দলের জন্য যারা নিবেদিতপ্রাণ এবং দলের দুর্দিনে লড়াই-সংগ্রামে ছিলেন এমন নেতাদেরই প্রাধান্য দেওয়া হবে।

আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন বর্তমান চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন, জেলা আওয়ামীলীগের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক শিল্পপতি বশিরুল আলম মিয়াজী, বিগত জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ব্যারিষ্টার নাইম হাসান, জেলা পরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান পারুল আক্তার।

জেলা আওয়ামীলীগ সভাপতি ম. রুহুল আমিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশী সকলেরই খোঁজখবর রাখছেন। তিনি সকলকে চিনেন এবং জানেন। দলীয় মনোনয়ন দেয়ার এখতিয়ার সম্পূর্ণ প্রধানমন্ত্রীর। দলীয় আনুগত্য, ক্লীন ইমেজ এবং মাঠে জনপ্রিয় এমন প্রার্থীই নৌকা প্রতীক পাবে বলে আমার বিশ্বাস।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ২৬ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ৩ অক্টোবর এবং ২০ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ad

পাঠকের মতামত