লাকসামের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক
লাকসাম প্রতিনিধি: লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বিভিন্ন দপ্তরের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন, উপকরণ বিতরণ ও মত বিনিময় সভা আজ মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সংশ্লিষ্ট চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন শামিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর পিএএ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা চেয়ারম্যান এড. মোঃ ইউনুছ ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম, লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মহব্বত আলী। ৫নং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত ভূমির খতিয়ান বিতরণ, এলজিএসপি-৩ প্রকল্প হতে ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ফগার মেশিন, স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্র এবং কমিউনিটি সমূহে চিকিৎসা সরঞ্জাম বিতরণ, করোনা ভাইরাস প্রতিরোধে এলজিএসপি-৩ প্রকল্প হতে হত দরিদ্র জনগনের মাঝে স্বাস্থ্য সামগ্রী ও ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ, মুজিববর্ষ উপলক্ষ্যে এডিপি হতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠাণে খেলাধুলার সরঞ্জামাদি বিতরণ, বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের মাধ্যমে জেলেদের মাঝে এ আই জি এ সেলাই মেশিন বিতরণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতা বিতরণ, আমার বাড়ি আমার খামার প্রকল্পের মোহাম্মদপুর-২ গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ, বন্যায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে স্বল্প ও মধ্য মেয়াদী সবজি বীজ বিতরণ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আর্সেনিকমুক্ত টিউবওয়েলের জন্য সাবমারসিবল পাম্প ও ওয়াটার ট্যাংক এবং বিনামূল্যে রিং স্লাব বিতরণ, করোনা পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া দুস্থ ও অসহায়দের মাঝে শিশু খাদ্য ও ত্রান সামগ্রী বিতরণ ও মুজিববর্ষ উপলক্ষ্যে চারা বিতরণ করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার আগামী ৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকলে বাংলাদেশ হবে সারা বিশ্বের দৃষ্টান্ত। এক সময় ডিজিটাল বাংলাদেশের কথা বলা হলে মানুষ বিশ্বাস করতো না। আজ ডিজিটাল বাংলাদেশের সুফল আমরা প্রতিটি স্তরে স্তরে পাচ্ছি। এটা শেখ হাসিনা সরকারের দ্বারাই সম্ভব হয়েছে। পরিশেষে মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি গাছের চারা রোপণ করেন প্রধান অতিথি।










