কুমিল্লা সদরের ৬ ইউনিয়নে জাগ্রত মানবিকতার ১২টি অক্সিজেন সিলিন্ডার প্রদান
নিজস্ব প্রতিবেদক: করোনা রোগীদের চিকিৎসা সেবায় অক্সিজেনের প্রয়োজনীতার বিষয়টিকে প্রাধান্য দিয়ে জাগ্রত অক্সিজেন ব্যাংক থেকে আরো ১২টি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হয়েছে।
নগরীর পর এবার সদর উপজেলার ৬টি ইউনিয়নের জন্য এ সিলিন্ডারগুলো প্রদান করেন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নগরীর তালপুকুরপাড়স্থ জাগ্রত মানবিকতার কার্যালয়ের, জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা স্বেচ্ছাসেবীদের অক্সিজেন ব্যবহারের নিয়ম-কানুনগুলো দেখান। পরে স্বেচ্ছাসেবীদের হাতে অক্সিজেন সিলিন্ডারগুলো তুলে দেন।

এর আগে নগরীর করোনায় আক্রান্ত রোগীদের জন্য প্রথম ধাপে ১২ টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়। এবার দ্বিতীয় ধাপে আদর্শ সদর উপজেলার ছয়টি ইউনিয়নের জন্য আরো ১২ টি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হয়।
অক্সিজেন সিলিন্ডার বিতরণ শেষে স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা বলেন, করোনা পরিস্থিতিতে মানুষের দূর্ভোগের কথা চিন্তা করেই জাগ্রত মানবিকতা এই সেবা চালু করেছে। প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপে আরো ১২ টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হলো। অক্সিজেন সিলিন্ডারগুলো ইউনিয়নের চেয়ারম্যানদের কাছে থাকবে। জরুরী প্রয়োজনে স্বেচ্ছাসেবীরা রোগীর জন্য অক্সিজেন সিলিন্ডার পৌছে দিবেন।
তিনি আরও বলেন, যারা এই অক্সিজেন ব্যাংক তৈরিতে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।











