ক্লাইমেট ভালনারেবল ফোরামের শুভেচ্ছাদূত হলেন সায়মা ওয়াজেদ
নিউজ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর সংগঠন ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) বিষয়ভিত্তিক দূত হিসেবে মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ওই ফোরাম সায়মা ওয়াজেদ ছাড়া আরো তিনজনকে শুভেচ্ছাদূত হিসেবে মনোনয়ন দিয়েছে। তাঁরা হচ্ছেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মাদ নাশিদ, ফিলিপাইনের ডেপুটি স্পিকার লোরেন লাগার্দা ও ডিআর কঙ্গোর জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ টুসি মোপানো-মোপানো।
সম্প্রতি জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা ৪৮টি দেশের প্ল্যাটফর্ম ক্লাইমেট ভালনারেবল ফোরামের প্রেসিডেন্ট পদ পায় বাংলাদেশ। আগামী তিন বছর বাংলাদেশ এই দায়িত্ব পালন করবে এবং জলবায়ু পরিবর্তনের কারণে যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন, তাদের বিষয়ে কথা বলবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ চার দূতকে সিভিএফে ভূমিকা রাখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তাঁরা প্রান্তিক জনগণ, জাতীয় সংসদ ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করবেন। সিভিএফের পক্ষে চার দূত জলবায়ু ঝুঁকি মোকাবিলায় জনগণের মধ্যে সচেতনতা বিকাশে প্রচারণা চালাবেন।
সায়মা ওয়াজেদ পুতুল অটিজম বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত। অটিস্টিক শিশুদের নিয়ে তিনি বিশ্বব্যাপী কাজ করছেন।
বিশ্বে জলবায়ু পরিবর্তনের পরিপ্রেক্ষিতে যেসব দেশ প্রবল ঝুঁকির মুখে রয়েছে, সেসব দেশের জোট সিভিএফ। বিশ্বের ৪৮টি দেশ সিভিএফের সদস্য। বাংলাদেশ চলতি বছর থেকে সিভিএফের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছে।









