করোনা: কুমিল্লায় ব্যাপক প্রস্তুতি; এমপি বাহারের জরুরী বৈঠক
মাইনুল হক: চলমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কুভিক-১৯) স্বাস্থ্য বিভাগ ইতিমধ্যে সারা দেশকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা দিয়েছে। বিভিন্ন জেলাকে লকডাউন করা হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন এবং জেলা স্বাস্থ্য বিভাগ কুমিল্লাকে করোনা মুক্ত রাখার লক্ষ্যে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে। এ উপলক্ষে (২০ এপ্রিল) সোমবার সকালে কুমিল্লা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জরুরী সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর এর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ০৬ সদর আসনের সাংসদ জেলা স্বাস্থ্য বিভাগ ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। জেলার স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন বেসরকারি হসপিটালের মালিকপক্ষ এবং অভিজ্ঞ চিকিৎসকদের নিয়ে আয়োজিত রুদ্ধদ্বার বৈঠকে আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, বিএমএ (বার) পিপিএম, কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার মুজিবুর রহমান, জেলা সিভিল সার্জন ডা; নিয়াতুজ্জামান, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মোস্তফা কামাল আজাদ, স্বাচিপের সভাপতি ডাক্তার আব্দুল বাকি আনিস, বিএমএ’র সেক্রেটারি ডাক্তার আতাউর রহমান জসিম, স্বাচিপের সেক্রেটারি ডাক্তার গোলাম মোরশেদ, কুমিল্লা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার রেজাউল করিম, ডাক্তার এজাজুল হক, ডাক্তার বেলালুল ইসলাম৷ এনএসআই পরিচালক এবং কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন৷

আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্যে কুমিল্লা জেলা প্রশাসক মো আবুল ফজল মীর বলেন, কুমিল্লাকে করোনা মুক্ত রাখার লক্ষ্যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং জেলা স্বাস্থ্য বিভাগ যৌথ সমন্বয়ে সার্বক্ষণিক মাঠ পর্যায়ে কাজ করছে৷
প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার বলেন, বর্তমানে সবচেয়ে বড় মুক্তিযুদ্ধা হল চিকিৎসকগণ৷ ১৯৭১ সালে আমরা দেশকে স্বাধীন করেছি মুক্তিযুদ্ধ করে৷ তখন যুদ্ধ করেছি আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে৷ আজকে করোনা থেকে দেশকে রক্ষার জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকলে মিলে একযোগে কাজ করছি৷ তাই এ ক্রান্তিলগ্নে সকলকে সাহসিকতার সহিত, আতঙ্কিত না হয়ে করোনা থেকে রক্ষা করার লক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে৷ সকলকে সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে৷
তিনি আরো বলেন, কুমিল্লা কে করোনা মুক্ত রাখার জন্য আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছি৷ প্রয়োজন হলে আমরা টমসমব্রীজ থেকে বালুতুপা পর্যন্ত সড়কটি অতি সহসা সাধারণ জনগণের চলাচল বন্ধ রাখবো। তিনি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিকদের উদ্দেশ্যে বলেন, যে সকল প্রাইভেট হসপিটাল সমূহে একাধিক কিডনি ডায়ালাইসিস মেশিন আইসিইউ-সিসিইউ রয়েছে সেখান থেকে করোনা রোগীদের জন্য অন্তত একটি করে মেশিন ফ্রি করে দিতে হবে।
জেলা সিভিল সার্জন ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেন, করোনা মোকাবেলায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কে সম্পূর্ণরূপে ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল আউয়াল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কে করোনা চিকিৎসার লক্ষ্যে উপস্থিত সকলের উদ্দেশ্যে একটি ইনফা স্ট্রাকচার প্রতিবেদন পাঠ করেন। তিনি জানান, কুমিল্লা মেডিকেল হাসপাতালে একটিমাত্র ফটক রাখতে হবে, যেখানে প্রতিটি ব্যক্তির জন্য প্রবেশাধিকার সংরক্ষিত করা হবে, পেডিয়াট্রিক ওয়ার্ড আলাদা করতে হবে, আইসিইউ আইসোলেশন আলাদা করতে হবে, ৩ প্রকারের পরিছন্নতা নিশ্চিত করতে হবে, সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই ব্যবস্থা রাখতে হবে, বিশেষ করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে সকলের জন্য।










