কুমিল্লায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন
নিজস্ব প্রতিবেদক: আগামী ১৮মার্চ-১১এপ্রিল পর্যন্ত হাম এবং রুবেলা নামক ভাইরাসজনিত দুটি মারাত্মক সংক্রামক রোগের জন্য ৯ মাস থেকে শুরু করে ১০ বছর বয়সী সকল শিশুকে নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ টিকাদান কেন্দ্রে টিকা প্রদানের লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণায় ১২ মার্চ বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিক সম্মেলনে এ নিয়ে ব্রিফিং করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডা: মোহাম্মদ শাহাদাৎ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের এমওডিডিসি ডা: হাসান মাহমুদ ইকবাল ও এমওডিআরএস ডা: ইশরাত জাহান। সাংবাদিক সম্মেলনে ডেপুটি সিভিল সার্জন বলেন, হাম-রুবেলা এ দুটি জটিল রোগ। এ রোগের হাত থেকে বাঁচার সর্বোৎকৃষ্ট উপায় হচ্ছে সঠিক সময়ে শিশুকে টিকা দিয়ে সুরক্ষিত করা। হাম-রুবেলা রোগের প্রকোপ থেকে সুরক্ষার জন্য বাংলাদেশ সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) মাধ্যমে নিয়মিত টিকাদান কর্মসূচিদে ৯মাস বয়সী সকল শিশুকে ১ম ডোজ এমআর টিকা ও ১৫ মাস বয়সী সকল শিশুকে ২য় ডোজ এমআর টিকা সংযুক্ত করেছে। এছাড়াও ২০০৮ সাল থেকে হাম রোগভিত্তিক সার্ভেইল্যান্স এবং ২০১২ সাল থেকে কন্জেনিটাল রুবেলা সিনড্রোম (সিআরএস) সার্ভেইল্যান্স কার্যক্রম চালু করেছে। এভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন জটিল ও কঠিন ভাইরাসের প্রকোপ থেকে শিশু সহ বিভিন্ন বয়সী জনসাধারণকে নিরাপদে রাখার জন্য ব্যাপক উদ্যোগ হাতে নিয়েছে। তাই আপনারা আপনাদের বিভিন্ন গনমাধ্যমে তা প্রচার ও প্রকাশ করে সমাজের মাঝে ছড়িয়ে দিবেন, তাহলে জনগণ এসকল জটিল ও কঠিন রোগ থেকে আত্মরক্ষায় সচেতন হবে। তিনি আরো জানান, হাম-রুবেলা ক্যাম্পেইন এবং টিকাদানের উপর তথ্য নির্ভর প্রতিবেদন, ফিচার, ফটোফিচার, সাক্ষাৎকার, সম্পাদকীয়, উপ-সম্পাদকীয়, তথ্যচিত্র, কার্টন প্রকাশ ও প্রচারের মাধ্যমে ক্যাম্পেইন সম্পর্কে জনগণকে অংশগ্রহনে উদ্বুদ্ধ করার মাধ্যমে আপনাদের সহযোগিতা কামনা করছি। সম্প্রতি করোনা ভাইরাস থেকে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। কোথায়ও অযথা গুজব যাতে না ছাড়াতে পারে সেদিকে আপনাদের ভুমিকা রাখতে হবে।











