নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচং উপজেলার ঘোষনগর গ্রামের একটি বাসা থেকে মঙ্গলবার বিকেলে পুলিশ আকাশ চন্দ্র মন্ডল (২৩) নামের এক হিন্দু যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
পুলিশ সুত্র জানায়, জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ঘোষনগর গ্রামের সাদেক মিয়ার ভাড়াটিয়া বাসায় মঙ্গলবার বিকেল ৩ টায় আকাশ চন্দ্র মন্ডলের লাশ নামের এক হিন্দু যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বাড়ি মালিক পক্ষের লোকজন পুলিশে খবর দেয়। এসময় দেবপুর ফাঁড়ি’র এসআই আবুল খায়ের এসে লাশ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া করছেন।
এসআই আবুল খায়ের জানান, নিহত আকাশ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নান্দুরিয়া গ্রামের অক্ষয় চন্দ্রের পুত্র। সে বিগত ১৫ দিন আগে বাড়ি থেকে কুমিল্লা এসে ময়নামতি সেনানিবাস এলাকায় জামাল নামের এক কাপড় ব্যবসায়ীর দোকানে কর্মচারী হিসেবে কাজ নেয় এবং ঘোষনগর এলাকায় সাদেক মিয়ার বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করে। পুলিশ আরো জানায়, ময়নাতদন্তের পর জানা যাবে নিহত যুবকের মৃত্যুর কারণ।






