66110

মক্কা-মদিনায় আজ জুমার নামাজ পড়াবেন শায়খ গাজ্জাবি ও বুয়াইজান

নিউজ ডেস্ক: পবিত্র মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের ইমামতি ও খুতবা দেবেন সৌদি আরবের দুই বিশিষ্ট আলেম। তাঁরা হলেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ অধ্যাপক ড. ফয়সাল বিন জামিল গাজ্জাবি এবং মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান বুয়াইজান।

সৌদি আরবের পবিত্র দুই মসজিদের ধর্মবিষয়ক পরিদপ্তরের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম আল-মদিনা বুধবার (২৫ নভেম্বর) এ তথ্য জানিয়েছে। হিজরি ১৪৪৮ সালের ১৭ জুমাদাল আখিরা তারিখে অনুষ্ঠিত হবে এবারের জুমার নামাজ।

ads

মসজিদুল হারামে খুতবা দেবেন শায়খ গাজ্জাবি
শায়খ অধ্যাপক ড. ফয়সাল বিন জামিল গাজ্জাবি পবিত্র মসজিদুল হারামের অন্যতম ইমাম ও খতিব। ১৯৬৬ সালে মক্কায় জন্মগ্রহণ করেন তিনি। পবিত্র কোরআনের কিরাআত বিষয়ে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

২০০৭ সালে মসজিদুল হারামের ইমাম হিসেবে নিয়োগ পান শায়খ গাজ্জাবি। এ ছাড়া তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ ও উসুলুদ্দিন অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ads

মসজিদে নববিতে খুতবা দেবেন শায়খ বুয়াইজান
অন্যদিকে, মদিনার মসজিদে নববিতে জুমার খুতবা ও নামাজের ইমামতি করবেন শায়খ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান বুয়াইজান। তিনি মসজিদে নববির ইমাম ও খতিবের পাশাপাশি মদিনার ইসলামি বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ অনুষদের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শায়খ বুয়াইজান রিয়াদের ইমাম মুহাম্মদ বিন সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে শরিয়াহ বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। পরে উচ্চতর বিচার বিভাগীয় ইনস্টিটিউট থেকে শরিয়াহ পলিসি ও আইন বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০১৩ সালে সৌদি রাজকীয় আদেশে তাঁকে মসজিদে নববির স্থায়ী ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

ad

পাঠকের মতামত