64974

৬ দশক ধরে কোরআনের সেবায় অবদানের জন্য সম্মাননা পেলেন সৌদি বাদশা

আন্তর্জাতিক ডেস্ক: ৬ দশক ধরে কোরআনের সেবায় অবদানের জন্য সম্মাননা পেলেন সৌদি বাদশা
সৌদি আরবে দীর্ঘ ৬০ বছরেরও বেশি সময় ধরে পবিত্র কোরআন হিফজ বা মুখস্থকরণে অসামান্য পৃষ্ঠপোষকতা ও বিশেষ অবদানের জন্য বিরল সম্মাননায় ভূষিত হয়েছেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। মঙ্গলবার জেদ্দায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বাদশাহ সালমানের পক্ষ থেকে তার পুত্র এবং সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এই সম্মাননা গ্রহণ করেন।

সৌদি আরবের বিভিন্ন কোরআন মুখস্থকরণ সংস্থার পক্ষ থেকে একটি প্রতিনিধি দল এই সম্মাননা স্মারক পৌঁছে দিতে রাজপ্রাসাদে আসেন। দীর্ঘ ছয় দশক ধরে দেশজুড়ে কুরআনের শিক্ষা বিস্তার এবং কুরআন হিফজ মাদ্রাসাগুলোর প্রতি বাদশাহর নিরবচ্ছিন্ন সমর্থনের স্বীকৃতি হিসেবে এই আয়োজন করা হয়।

ads

সৌদি প্রেস এজেন্সির বরাতে সৌদি গেজেট জানায়, অনুষ্ঠানে বাদশাহর পক্ষ থেকে বেশ কিছু মূল্যবান ও স্মারক উপহার গ্রহণ করেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এসব উপহারের মধ্যে ছিল একটি কারুকার্যখচিত লাক্সারি শিল্ড বা সম্মাননা ঢাল এবং একটি হাতে লেখা পবিত্র কোরআনের পাণ্ডুলিপি।

এছাড়া দুটি বিশেষ ফলকও উপহার হিসেবে দেওয়া হয়। যার একটিতে মাত্র ১০ বছর বয়সে বাদশাহ সালমানের পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করার স্মৃতি খোদাই করা ছিল। অন্য ফলকটিতে রিয়াদ কোরআন মেমোরাইজেশন সোসাইটি বা মাকনুন-এর মাধ্যমে হাফেজ হওয়া ২১ হাজার শিক্ষার্থীর নাম লিপিবদ্ধ রয়েছে, যারা সরাসরি বাদশাহর পৃষ্ঠপোষকতায় শিক্ষালাভ করেছেন।

ads

মূলত পবিত্র কোরআনের শিক্ষা ও এর ব্যাখ্যা প্রচার, মানুষের মাঝে কুরআনিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়া এবং বিশ্বের বিভিন্ন ভাষায় কোরআনের অনুবাদ বিতরণে বাদশাহ সালমানের দীর্ঘদিনের প্রচেষ্টাকে উদযাপন করা হয়েছে এই সম্মানের মাধ্যমে।

অনুষ্ঠানে সৌদি আরবের অলাভজনক কোরআন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রশংসা করে যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, ইসলামের সেবা এবং মুসলিম বিশ্বের কাছে সৌদির অগ্রগামী ভূমিকাকে শক্তিশালী করতে এই প্রতিষ্ঠানগুলো অনন্য অবদান রাখছে। এছাড়া সামাজিক উন্নয়নে এই সেক্টরের সক্রিয় ভূমিকার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।

ad

পাঠকের মতামত