মানুষকে বিভ্রান্ত করার জন্য ষড়যন্ত্রের জাল বিস্তার করা হচ্ছে: মামুনুল হক
নিউজ ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘ষড়যন্ত্রের জাল বিস্তার করা হচ্ছে বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য, তা আর হতে দেওয়া যাবে না। জুলাই সনদের ভিত্তিতে সাম্য-ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে।’
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার স্বরূপ চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ জগন্নাথপুর) আসনে দলীয় প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরীর নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।
জনসভায় খেলাফত মজলিসের আমির বলেন, ‘বিগত ৫৪ বছর ধরে বাংলাদেশে লুটপাটে রাজনীতি, গুন্ডামির রাজনীতি, দুর্বৃত্তপনার রাজনীতি চলছে। এ রাজনীতি দেশের সাধারণ মানুষের ভাগ্য বদলাতে পারেনি। দেশবাসী আজ ঐক্যবদ্ধ হয়েছে অপরাজনীতিকে বিদায়ের জন্য। সারা দেশে ১১ দলীয় ঐক্যজোটের গণজোয়ার সৃষ্টি হয়েছে। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে ক্ষমতার পরিবর্তন ঘটবে।’
তিনি বলেন, ‘একটি অশুভ চক্র বাংলাদেশকে সামনে অগ্রসর হতে দিচ্ছে না। দেশের খেটে খাওয়া মেহানতি মানুষের পরিশ্রমে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের কথা। অপরাজনীতির কারণে তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি।
‘বাংলাদেশে রাজনীতি করা হয়, নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য– সাধারণ মানুষের ভাগ্যের কোনও পরিবর্তন হয় না।’
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন– সুনামগঞ্জ-৩ আসনের খেলাফত মজলিসের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।










