63365

চট্টগ্রামে নির্বাচনী পদযাত্রা শুরু এনসিপির

নিউজ ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানে নিহত চট্টগ্রামের কিশোর মো. ইশমামুল হক চৌধুরীর কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচনী এ পদযাত্রার নেতৃত্ব দিচ্ছেন এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে লোহাগাড়া উপজেলার দরজিপাড়া গ্রামে গিয়ে ইশমামুলের কবর জিয়ারত করেন এনসিপি নেতারা। এরপর সেখান থেকেই নির্বাচনী পদযাত্রা শুরু হয়।

ads

কবর জিয়ারত শেষে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ইশমামুল হকরা যে কারণে জীবন দিয়েছেন, এই নির্বাচনের মাধ্যমে সেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। গণভোটে “হ্যাঁ” জয়যুক্ত হওয়ার মাধ্যমে তাঁদের (জুলাই শহীদদের) আকাঙ্ক্ষিত যে সংস্কার, সেটির বাস্তবায়ন সম্ভব হবে।

তিনি আরও বলেন, এনসিপির যে নির্বাচনী পদযাত্রা, তা শহীদ ইশমামুল হকের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। এ সময় তাঁর সঙ্গে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলাম, এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন এবং চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক মো. জোবাইরুল হাসান আরিফ উপস্থিত ছিলেন।

ads

এর আগে বেলা পৌনে ১১টার দিকে লোহাগাড়া উপজেলায় পৌঁছান আসিফ মাহমুদসহ এনসিপির নেতারা। এ সময় তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন এনসিপির লোহাগাড়া উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী জহির উদ্দীন।

সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠা, দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করা এবং গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার প্রচারণার উদ্দেশ্যে দেশজুড়ে ১১ দিনব্যাপী এই নির্বাচনী পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির প্রার্থীদের জন্যও পদযাত্রায় ভোট চাওয়া হবে বলে জানান এনসিপি নেতারা।

ad

পাঠকের মতামত