যুক্তরাষ্ট্রের প্রতি তাদের অবদানের অংশ পরিশোধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্রের প্রতি এই বিশ্ব সংস্থায় তাদের জন্য নির্ধারণ করা অবদান পরিশোধের আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার একজন মুখপাত্রের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে গুতেরেস এই আবেদন জানান।
আগের দিন হোয়াইট হাউস ঘোষণা করেছিল যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬৬টি আন্তর্জাতিক সংস্থা, কনভেনশন এবং চুক্তি থেকে ওয়াশিংটনকে প্রত্যাহার করে নেয়ার অনুমোদন দিয়ে একটি নথিতে স্বাক্ষর করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে যে মহাসচিব হোয়াইট হাউসের এই ঘোষণায় দুঃখ প্রকাশ করেছেন। এতে আরও বলা হয়েছে যে, সাধারণ পরিষদ অনুমোদিত জাতিসংঘের নিয়মিত এবং শান্তিরক্ষা বাজেটে নির্ধারণকৃত অবদান, যুক্তরাষ্ট্রসহ সকল সদস্য রাষ্ট্রের জন্য জাতিসংঘ সনদের অধীনে একটি আইনি বাধ্যবাধকতা।
উল্লেখ্য, এই বাজেটের ২২ শতাংশ প্রদান করতে হয় ওয়াশিংটনকে। এটি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে বড় অংশ, কারণ অর্থপ্রদান মূলত দেশের অর্থনৈতিক আকারের উপর নির্ভর করে নির্ধারিত হয়। জাতিসংঘ জানিয়েছে যে মার্কিন সরকার এখনও তাদের ২০২৫ সালের অবদান পরিশোধ করেনি।











