কুমিল্লায় শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সর্বদলীয় সম্প্রীতি সংলাপ
নিউজ ডেস্ক: কুমিল্লায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে সর্বদলীয় সম্প্রীতির সংলাপ অনুষ্ঠিত হয়েছে। নগরীর এলিট প্যালেসের হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর আয়োজনে এবং ম্যাপ কুমিল্লা জেলা-এর সহযোগিতায় অনুষ্ঠিত এ সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মো. মোস্তাক মিয়া।
এছাড়া বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম)।
সংলাপের প্রস্তাবনা উপস্থাপন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার জাহান দোলন।
সংলাপে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান, নির্বাচনী পরিবেশ বজায় রাখা এবং সহিংসতা পরিহারের ওপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের পারস্পরিক সহনশীলতা ও সম্প্রীতি অপরিহার্য।
এ সংলাপে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এনসিপি, গণ অধিকার পরিষদ, খেলাফত মজলিসসহ বিভিন্ন সমমনা রাজনৈতিক দলের জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










