62674

সরকারকে বেকায়দায় ফেলতেই মুসাব্বির হত্যাকাণ্ড: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক: ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান ওরফে মুসাব্বির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই পরিকল্পিতভাবে এ ধরনের লোমহর্ষক ও নৃশংস ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির একটি সুপরিকল্পিত অপচেষ্টা চলছে। এরই নির্মম বহিঃপ্রকাশ হিসেবে আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ধরনের সহিংস ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে মারাত্মক ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলছে।

ads

বিএনপি মহাসচিবের ভাষ্য, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী শাসনের পতনের পর একটি মহল নৈরাজ্য সৃষ্টি করে পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে। দুষ্কৃতকারীদের বর্বর ও পৈশাচিক হামলায় স্বেচ্ছাসেবক দলের এই নেতার প্রাণহানি সেই অপতৎপরতারই ভয়াবহ প্রমাণ।

তিনি বলেন, রাষ্ট্রকে অস্থিতিশীল করতে যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করতে হবে। গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং জানমাল রক্ষার স্বার্থে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

ads

অন্যথায় ওত পেতে থাকা ফ্যাসিবাদী শক্তির সহযোগীরা দেশের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে বলেও সতর্ক করেন বিএনপি মহাসচিব।

বুধবার রাত সাড়ে ৮ টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরী বাজার এলাকায় স্টার কাবাবের পেছনের একটি গলিতে আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়।

শোক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। পাশাপাশি নিহতের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপি মহাসচিব।

ad

পাঠকের মতামত