62290

নতুন বছর উপলক্ষে প্রধান উপদেষ্টার জরুরি বার্তা

নিউজ ডেস্ক: খ্রিষ্টীয় নববর্ষ–২০২৬ উপলক্ষে দেশে ও প্রবাসে বসবাসরত সব বাংলাদেশিসহ বিশ্ববাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (৩১ ডিসেম্বর) দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি নতুন বছরকে ঘিরে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রত্যাশার কথা তুলে ধরেন।

বার্তায় অধ্যাপক ইউনূস বলেন, নতুন বছর যেন সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। তিনি কামনা করেন, পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি নতুন বছরে আরও দৃঢ় হোক। তার ভাষায়, নববর্ষ মানেই নতুন স্বপ্ন, নতুন আশা ও নতুন সম্ভাবনার সূচনা, যা আমাদের অতীতের গ্লানি ভুলে সামনে এগিয়ে যাওয়ার শক্তি ও অনুপ্রেরণা জোগায়।

ads

দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন, নতুন বছরে সব চ্যালেঞ্জ সম্মিলিতভাবে মোকাবিলা করে সাম্য, ন্যায় ও বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

তিনি আরও বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর বদলে যাওয়া বাস্তবতায় নতুন বছর জাতীয় জীবনের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ত্রুটিপূর্ণ রাষ্ট্রব্যবস্থা সংস্কার করে গণতান্ত্রিক উত্তরণের যে পথচলা শুরু হয়েছে, তা নতুন বছরে একটি জাতীয় নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট আয়োজনের মাধ্যমে আরও সুসংহত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ads

শুভেচ্ছা বার্তার শেষাংশে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং গণভোট আয়োজনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও বেগবান হবে—নতুন বছরে এটিই তাদের সবচেয়ে বড় প্রত্যাশা।

ad

পাঠকের মতামত