62126

যে ঠিকানায় তারেক রহমান ও জাইমা রহমান ভোটার হলেন

নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান গুলশান অ্যাভিনিউয়ের একটি বাসার ঠিকানায় ভোটার হয়েছেন।

ইসি সূত্রে জানা গেছে, ঠিকানাটা হচ্ছে, বাসার নম্বর-এন ই-ডি৩/বি; ওয়ার্ড নম্বর-১৯, গুলশান অ্যাভিনিউ, পোস্ট কোড-১২১২। এই ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে। আর বর্তমান ঠিকানা উল্লেখ করা হয়েছে ধানমণ্ডি ১৫ নম্বরে ধানমণ্ডি আবাসিক এলাকার একটি বাসাকে।

ads

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সপরিবারে দেশে ফিরেছেন তারেক রহমান। বিএনপি আগেই জানিয়েছিল, শনিবার (২৭ ডিসেম্বর) তিনি ভোটার হবেন। এর আগে দলটির পক্ষ থেকে তারেক রহমানকে সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

ইসি কর্মকর্তারা বলছেন, সংসদ নির্বাচনের প্রার্থী হতে হলে যে কোনো এলাকার ভোটার হলেই হয়।

ads

২০০৮ সালের ছবিযুক্ত ভোটার তালিকার সময় সঙ্গত কারণে ভোটার হতে পারেননি তিনি। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে মনোনয়নপত্র দাখিল করতে হবে ২৯ ডিসেম্বরের মধ্যে। তার আগেই ভোটার হওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

শনিবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে মা জুবাইদা রহমানের সঙ্গে আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে আসেন জাইমা রহমান। নিবন্ধন সম্পন্ন করে বেরিয়ে যান পৌনে একটার দিকে।

পরবর্তীতে তারেক রহমান ইটিআইতে আসেন দুপুর একটায়। বেরিয়ে যান সোয়া একটার দিকে। ইটিআইতে তারা ছবি তোলেন এবং আঙুলের ছাপ ও স্বাক্ষর দিয়ে ভোটার নিবন্ধন সম্পন্ন করেন।

জুবাইদা রহমানও এর আগে জুন মাসের দিকে গুলশান অ্যাভিনিউয়ের বাসার ঠিকানায় ভোটার হয়েছেন।

ad

পাঠকের মতামত