মধ্যপ্রাচ্যের সব দেশের কাছে ইসরায়েলের স্বীকৃতি চাইলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের সব দেশকে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান তিনি।
ট্রাম্প তার পোস্টে লেখেন, “যেহেতু ইরানের তৈরি করা পারমাণবিক অস্ত্রাগার সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, তাই আমার কাছে এটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মধ্যপ্রাচ্যের সব দেশ আব্রাহাম চুক্তিতে যোগ দিক।”
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম চুক্তির অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো এবং সুদান-এই চারটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়েছিল।
তবে সৌদি আরবসহ বেশ কয়েকটি আরব রাষ্ট্র বরাবরই জানিয়ে আসছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যেকোনো পদক্ষেপের পূর্বশর্ত হলো একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা।
সূত্র: আল জাজিরা











