59118

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে পূর্ণাঙ্গ স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই পদক্ষেপকে ‘শান্তির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেন।

নিজের পোস্টে মার্ক কার্নি বলেন, তার দেশ ইসরায়েল ও ফিলিস্তিন—উভয় অঞ্চলের মানুষের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্বি-রাষ্ট্র সমাধানে বিশ্বাসী। এ লক্ষ্য বাস্তবায়নে কানাডা সব আন্তর্জাতিক মঞ্চে সক্রিয়ভাবে কাজ করবে। তিনি জানান, জাতিসংঘের আসন্ন ‘দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান’ বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনে কানাডার পররাষ্ট্রমন্ত্রী অংশ নেবেন। একইসঙ্গে, গাজায় চলমান মানবিক সংকট মোকাবিলায় ব্যর্থতার জন্য তিনি ইসরায়েল সরকারের নিন্দাও জানান।

ads

কানাডার এই ঘোষণার আগেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

ফ্রান্স ও কানাডার এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস। এক বিবৃতিতে তারা এটিকে ‘দমন-পীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি ন্যায়ের পথে একটি ইতিবাচক অগ্রগতি’ হিসেবে বর্ণনা করেছে। হামাস বলেছে, এই স্বীকৃতি ‘ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং জেরুজালেমকে রাজধানী করে একটি পূর্ণাঙ্গ স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বৈধ দাবিকে’ সমর্থন করে।

ads

তবে কানাডা ও ফ্রান্সের এই ঘোষণার তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ‘ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি।’

উল্লেখ্য, গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি অভিযানে নিহতের সংখ্যা প্রায় ৬০ হাজারে পৌঁছেছে এবং লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক চাপ ক্রমশ বাড়ছে।

জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পেতে ফিলিস্তিনের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন। বর্তমানে বিশ্বের ১৪৫টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে এই প্রক্রিয়া দীর্ঘ দিন ধরে আটকে আছে।

ad

পাঠকের মতামত