57675

অচিরেই বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় হবে: প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক: শক্তিশালী বিচার বিভাগ প্রতিষ্ঠায় শিগগিরই বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বুধবার (১৬ এপ্রিল) সকালে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) কার্যালয় পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

বুধবার প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন। একপর্যায়ে তিনি সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে আসেন।

ads

এসআরএফের সভাপতি মাসউদুর রহমান, সহসভাপতি আমিনুল ইসলাম মল্লিক ও যুগ্ম সম্পাদক মেহেদী হাসান ডালিম এ সময় প্রধান বিচারপতিকে স্বাগত জানান।

প্রধান বিচারপতি তার ঘোষিত রোডম্যাপ বাস্তবায়নে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ‘শক্তিশালী বিচার বিভাগ প্রতিষ্ঠায় অচিরেই বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় বাস্তবায়ন হবে। আইনজীবীদের বিশেষ করে নারী আইনজীবীদের যে অবকাঠামোগত অসুবিধা রয়েছে, তা অচিরেই দূর করা হবে। স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে আইনজীবী ও সাংবাদিকদের সহায়তা কামনা করেন প্রধান বিচারপতি।

ads

এসআরএফের কার্যালয় পরিদর্শনের আগে প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের মূল ভবন এবং এনেক্স ভবনে নতুনভাবে সংস্কার করা স্বাস্থ্যসম্মত এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিবান্ধব টয়লেট প্রকল্প পরিদর্শন করেন। সুপ্রিম কোর্টের অনুমোদনক্রমে প্রকল্পটি বাস্তবায়ন করেছে বেসরকারি সংস্থা ব্র্যাক।

ব্র্যাকের প্রধান নির্বাহী আসিফ সালেহ, সুপ্রিম কোটের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী, আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামান, প্রধান বিচারপতির একান্ত সচিব শরিফুল আলম ভূঞা ও স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোছাইন এ সময় উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত