মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ, শতাধিক আহত
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে গ্যাস পাইপলাইন ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এতে শতাধিক মানুষ আহত হয়েছেন। এর মধ্যে দগ্ধ অন্তত ৬৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। খবর আল জাজিরার।
প্রতিবেদন মতে, স্থানীয় সময় মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৮টার দিকে সেলাঙ্গর রাজ্যের মধ্যাঞ্চলের পুত্রা হাইটসে একটি গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরই একটি অগ্নিকুণ্ডের সৃষ্টি হয় যা আশপাশের কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা গেছে বলে যায়।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রেরনামার তথ্য অনুসারে, রাষ্ট্র পরিচালিত জ্বালানি সংস্থা পেট্রোনাসের একটি গ্যাস পাইপলাইনে লিকেজ হওয়ার কারণে বিস্ফোরণ ঘটে। এতে দ্রুত ছড়িয়ে পড়া আগুন আশেপাশের গ্রামগুলোকে হুমকির মুখে ফেলে দেয়।
সেলাঙ্গর পুলিশের উপ-প্রধান মোহাম্মদ জাইনি আবু হাসান জানিয়েছেন, আগুনে কমপক্ষে ৪৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১১২ জন আহত হয়েছেন। এর মধ্যে দগ্ধ ৬৩ জনকে শ্বাসকষ্ট ও অন্যান্য আঘাতের কারণে হাসপাতালে পাঠানো হয়েছে। কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
সেলাঙ্গরের মুখ্যমন্ত্রী আমিরুদ্দিন শারি বলেন, নিরাপত্তা ব্যবস্থা হিসেবে ফায়ার সার্ভিস দ্রুত আশেপাশের বাড়ি থেকে ৮২ জন বাসিন্দাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তাদের অস্থায়ীভাবে নিকটবর্তী একটি মসজিদে রাখা হবে।
আগুনের বেশ কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বাসিন্দারা বলছেন, তারা একটি শক্তিশালী ভূমিকম্প অনুভব করেন যা তাদের বাড়ির দরজা এবং জানালা প্রকম্পিত করে তোলে।
আগুন লাগার স্থান থেকে ২০০ মিটার (৬৫০ ফুট) দূরে বসবাসকারী এক বাসিন্দা বলেন, ‘হঠাৎ আমরা একটি বিকট শব্দ শুনতে পেলাম এবং তারপর ব্যাপক বিশৃঙ্খলা শুরু হলো। আমরা তৎক্ষণাৎ বাড়ি থেকে বেরিয়ে গেলাম এবং অন্যান্য বাসিন্দাদেরও দ্রুত চলে যেতে দেখলাম।’











